কোথাও কেউ নেই পর্ব – ২৬ হুমায়ূন আহমেদ

কোথাও কেউ নেই পর্ব – ২৬

সিদ্দিক সাহেব রাত আটটার দিকে বেরুলেন। তার মন-মেজাজ খুব যখন খারাপ থাকে তখন এগার নম্বর বাড়িতে কিছু সময় কাটান। মেয়ে তিনটার সঙ্গে হালকা গল্পগুজব করেন। এর বেশি কিছু না। সেই সাহস তার নেই। মেয়ে তিনটার বয়স তার বড় মেয়ের বয়সের চেয়েও কম। এদের নিয়ে অন্য কোন চিন্তা কেমন যেন দানা বঁধতে পারে না। তাছাড়া ভয়ও আছে। জানাজানি হয়ে যেতে পারে। কে জানে কিছুটা জানাজানি ইতিমধ্যেই হয়ে গেছে কি না। বাকের বড় যন্ত্রণা করছিল। হাজতে যতদিন ছিল ভাল ছিল এখন আবার ছাড়া পেয়েছে। এগার নম্বর বাড়ি প্রসঙ্গ তুলে তাকে বেইজিত করবে কী না কে জানে? সম্ভাবনা আছে। নুরুদিন এই সুযোগ ছাড়বে না। তার আগেই একটা কিছু ব্যবস্থা করতে হবে।

জোবেদ আলি তাকে দেখে ছুটে এসে তালা দেয়া গেট খুলল। এই ব্যবস্থাটা সিদ্দিক সাহেবের খুব পছন্দ। গেট সব সময় তালাবন্ধ থাকে। লোকজন আসছে যাচ্ছে। এ রকম কোনো ব্যাপার নেই। বাড়ির চেহারাও এরা পাল্টে ফেলেছে। চারদিকে ফুলের টব। রঙ-বেরঙের পাতা বাহার, অৰ্কিড মুগ্ধ হয়ে দেখতে হয়। পাড়ার মধ্যে এমন একটা সুন্দর বাড়ি দেখতে ভাল লাগে। আরো ভাল লাগে যখন মনে হয়। এই বাড়িটা তার। বেনামীতে কেনা।

জোবেদ আলি হাত কচলাতে কচলাতে বলল, বাড়িতে তো কেউ নাই।

তাই নাকি?

জি কক্সবাজার গেছে।

বৈশাখ মাসে কক্সবাজার?

ভিড় কম থাকে। নিরিবিলি। আসেন বসেন চা খান।

না চা খাব না। আসবে কবে?

তা তো জানি না। ইতালির দুই সাহেব আছে সাথে বাংলাদেশ ঘুরতে আসছে।

ও আচ্ছা আচ্ছা।

সিদ্দিক সাহেবের বেশ মন খারাপ হয়ে গেল। সুন্দর সুন্দর মেয়েগুলিকে নিয়ে কোথাকার কোন বিদেশী ঘুরে বেড়াচ্ছে অথচ তিনি নিজে গায়ে হাত রাখার মত সাহস সঞ্চয় করতে পারেননি। কোনো মানে হয় না।

সব দিকেই তার সাহস আছে এই একটা দিকে শুধু সাহস হচ্ছে না। তার ধারণা মেয়েগুলি অতিরিক্ত সুন্দরী বলেই সাহস হয় না। তেমন সুন্দরী মেয়েদের সঙ্গে মেলামেশার সুযোগ তার হয়নি। আর এই তিনটি মেয়ে দেখতে পরীর মতো। হারামজাদি বুড়ি এদের কোথেকে জোগাড় করেছে কে জানে?

স্যার বসবেন না?

না না বসব না। কোন রকম ঝামেলা-টামেলা আছে?

জি না শুধু বাকের মাঝে-মধ্যে…

কি করে সে?

কিছু না গেটের সামনে দাঁড়ায়ে থাকে সিগারেট খায়। আফারা ভয় পায়।

অন্য কিছু করে না?

জি না।

বাকেরের সাথে আর কেউ আসে?

জি না। উনি একা।

আচ্ছা আমি দেখব। ব্যাপারটা।

আম্মা বলছিল বাকেরকে মাসে মাসে হাতখরচের টাকা কিছু দিবে। কিনা আপনার সঙ্গে আলাপ করতে বলছিল।

হাতখরচ দিতে হবে না। ঐটা আমি দেখব। এই পাড়ার কেউ আসে এই বাড়িতে?

জি না।

কেউ কিছু জিজ্ঞেস করে?

জি না।

ঠিক আছে। তারা কবে কক্সবাজার থেকে আসবে কিছু জান না?

জি না।

আসলেই খবর দিবে।

আমি আম্মারে টেলিফোন করতে বলব।

টেলিফোন এসেছে নাকি?

টেলিফোন তো কবেই আসছে।

সিদ্দিক সাহেবের ভ্রূ কুঞ্চিত হল। টেলিফোন এসেছে অথচ টেলিফোনের খবর তাকে জানানো হয়নি। নম্বর পর্যন্ত দেয়নি। এর মানে হচ্ছে এরা তাকে খুব মুরুব্বি ধরছে না। তার চেয়েও অনেক বড় মুরুব্বি এদের আছে। কে সেই বড় মুরুব্বি?

তিনি জলিল মিয়াকে ডেকে পাঠালেন। কাস্টমারের যন্ত্রণায় জলিল মিয়ার দম ফেলার ফুরসূত হয় না–এর মধ্যে কেউ ডেকে পাঠালে মেজাজ খিচড়ে যায়। মুখের ওপর বলতে ইচ্ছে করে যা শালা ভাগ। চায়ের দোকানের মালিকের পক্ষে যা কখনো বলা সম্ভব নয়। জলিল মিয়া ক্যাশা অনা একজনকে বুঝিয়ে দোকান থেকে বেরুল। তাকে দেখলে মনে হবে সিদ্দিক সাহেব ডেকে পাঠানোয় সে আনন্দে আত্মহারা।

স্যার ডাকছেন?

কি খবর জলিল?

জি। আপনাদের দশজনের দোয়া।

দোকান তো দেখি ভালই চলছে। সব সময় দেখি কাস্টমার।

আড্ডা দেওউন্যা কাস্টমার স্যার।

চায়ের দোকানে আড্ডাটাই প্রধান। যেখানে যত বেশি আড্ডা হবে সে দোকান তত তাড়াতাড়ি জমবে।

জলিল মিয়া উসখুস করতে থাকে মূল বিষয়টা জেনে চলে যেতে পারলে বাঁচা যায় ক্যাশে যাকে বসিয়ে এসেছে সে বিরাট চোর। ইতিমধ্যেই টাকা-পয়সা নিশ্চয়ই কিছু সরিয়েছে।

জলিল মিয়া।

জি স্যার।

ঐ যে তোমার দোকানের সামনের বাড়ি, এগার নম্বর বাড়ি। কিছু জানো তুমি?

কী জানব স্যার?

না মানে এই পাড়ার লোকজন কারোর সঙ্গে এ বাড়ির যোগাযোগ আছে?

কিছুই তো স্যার জানি না। আমার স্যার মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা। কাশে বসে নজর রাখতে হয় চাইর দিকে। গতকাল স্যার রান্নাঘর থেকে ডালডার টিন চুরি গেল। চার কেজি ডালডা।

সিদ্দিক সাহেব অপ্রসন্ন মুখে বললেন ঠিক আছে, তুমি যাও। জলিল মিয়া ইতস্তত করতে লাগল। কাউকে অপ্রসন্ন করে চলে যাবার মত মনের জোর তার নেই।

কিছু বলবে?

জি না। তবে স্যার বাকের ভাই কিছু জানলে জানতে পারে।

বাকের জানবে কেন? বাকেরের কি যোগাযোগ আছে?

মনে হয় আছে।

বাকের এখন থাকে কোথায় জান?

জি না।

শুনেছি তার ভাইয়ের বাসায় থাকে না।

আমি বলতে পারি না। স্যার নিজের দোকানের যন্ত্রণায় অস্থির। চোখের সামনে থেকে ডালডার টিন নিয়ে গেল–পাঁচ কেজি ডালডা ছিল।

একটু আগে তো বললে চার কেজি।

জলিল মিয়া হকচাকিয়ে গেল।

ঠিক আছে তুমি যাও।

বাকের ভাইকে কিছু বলতে হবে স্যার?

না কিছু বলতে হবে না।

জলিল মিয়া চিন্তিতমুখে বের হয়ে এল। সবাইকে খুশি রাখা এই দুনিয়ার বিরাট কঠিন কাজ। তবে খুশি রাখতেই হবে। কেউ বেজার হলে দোকানদারি করা যাবে না।

স্যার আমার নাম বাকের চিনতে পারছি। কী ব্যাপার?

মঙ্গলবার মঙ্গলবার করে থানায় হাজিরা দিতে বলেছিলেন। তাই এলাম। আজ স্যার মঙ্গলবার।

মাঝখানে তো বেশ কয়েকটা মঙ্গলবার চলে গেল।

ঢাকার বাইরে ছিলাম স্যার। নেত্রকোনা গিয়েছিলাম।

আপনাকে কি হায়ার করে নিয়ে গেল?

কি বললেন বুঝলাম না।

আগে মফস্বলের লোকজন ঢাকা থেকে ফুটবল প্লেয়ার হায়ার করে নিত। আজকাল মাস্তান হায়ার করে। মাস্তানি এখন মোটামুটি লাভজনক ব্যবসা।

আমার ছোটবোনের বিয়ে হয়েছে নেত্রকোনা। দেখতে গিয়েছিলাম।

ভবিষ্যতে ঢাকার বাইরে গেলে আমাদের ইনফরম করে যাবেন।

জি আচ্ছা। এখন কি উঠব?

উঠুন বসে থেকে কি করবেন?

বাকের চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল একটা কথা স্যার, যদি কিছু মনে না করেন।

বলে ফেলুন কিছু মনে করব না।

মাঝে মাঝে স্যার মন্ত্রীরা মাস্তান হায়ার করে নিজেদের জায়গায় নিয়ে যান। গত ইলেকশনের সময় এই অধমকেও একজন নিয়েছিল। এই রকম কেইসে ও কী থানায় খবর দিয়ে তারপর যাব? নাকি সরাসরি চলে গিয়ে কাজকর্ম মিটিয়ে আপনাদের খবর দিব?

ওসি সাহেব কিছু বললেন না। ওসি সাহেবের বা পাশে বসা সেকেন্ড অফিসার উচ্চস্বরে হোসে উঠেই ওসি সাহেবের গম্ভীর মুখ দেখে হাসি গিলে ফেলল। বাকের বলল, স্যার তাহলে উঠি? আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ দেখা হবে।

ওসি সাহেব কিছু বললেন না। সেকেন্ড অফিসার দ্বিতীয় দফায় হেসে ফেলে আবার গম্ভীর হয়ে গেলেন। ওসি সাহেব বললেন, থানা হাসি-তামাসার জায়গা নয়–এটা মনে রেখে কাজকর্ম করলে ভাল হয়।

বাকের থানা থেকে খুশি মনে বের হল। বেশ ফুর্তি লাগছে। যদিও ফুর্তি লাগার তেমন কোন কারণে নেই। তার থাকার জায়গাই এখনো ঠিক হয়নি। একেক রাত একেক জায়গায় কাটাচ্ছে। গত রাতে বড় ভাইয়ের বাসায় গিয়েছিল। বুক ধকধক করছিল যদি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহতালার অসীম অনুগ্রহ দেখা হয়নি। কোথায় যেন গিয়েছে রাত দশটার আগে ফিরবে না। ভাবী ছিল। তাকে দেখে ঠাণ্ডা গলায় বলল, তুমি যে? কী মনে করে?

বাকের হক চকিয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে বলল, ভাবী ভাল আছেন?

হ্যাঁ ভালই আছি।

একটু রোগা রোগা লাগছে।

আমার শরীর স্বাস্থ্য নিয়ে তোমাকে কনসার্নড হতে হবে না। কোন কাজে এসেছ?

ভাইজান কি আছেন?

সে আছে কী নেই সেটা তুমি বাড়ি ঢুকবার আগেই খোঁজখবর করেছ। আমি দোতলার বারান্দায় দাঁড়িয়ে ছিলাম। সেখান থেকেই শুনছিলাম।

ভাবলাম দেখা করে যাই। হাজত থেকে ছাড়া পেয়েছি।

সে তো পনের দিন আগেই ছাড়া পেয়েছ। পনের দিন পর দেখা করতে এলে যে?

ঢাকার বাইরে ছিলাম। আচ্ছা ভাবী যাই।

দাঁড়াও।

সেলিনা ভেতর থেকে মুখ বন্ধ খাম এনে দিল। গলার স্বর আগের চেয়েও শীতল করে বলল, তোমার ভাই দিয়ে গেছে। নিয়ে তোমার ভাইকে ধন্য কর।

এত রাগ করছেন কেন ভাবী?

রাগ করছি না। রাগ করলে সংসার ছেড়ে অনেক আগেই চলে যেতাম। ঝুলে তো আছি। তুমি থাক কোথায়?

ঠিক নেই ভাবী। একেক দিন একেক জায়গায়।

এক জায়গায় বেশিদিন থাকতে অসুবিধা হয় তাই না? লোকজন খোঁজ পেয়ে যায়।

তা না। ভাবী চা খাব, যদি আপনার অসুবিধা না হয়।

ফরিদ চায়ের কথা বলতে গেল। এই ফাঁকে বাকের খাম খুলে আনন্দে প্রায় লাফিয়ে উঠল। বারশো টাকা। সব চকচকে নোট। ভাইয়ের কাছ থেকে সে মাঝে মাঝে এ রকম পায়। তবে ব্যাপারটা খুবই অনিয়মিত।

খুবই অবাক কাণ্ড ফরিদা নিজেই চায়ের কাপ নিয়ে ঢুকল। পিরিচের এক কোণায় এক টুকরো ঠাণ্ডা কেক। দীর্ঘ দিন ফ্রিজে ছিল আজ গতি হতে যাচ্ছে।

তোমার ভাইয়ের কথা শুনেছ বোধ হয়।

জি না। কি ঝামেলা?

চাকরি নিয়ে ঝামেলা হচ্ছে।

বলেন কি? কে ঝামেলা করছে? নামধাম দেন। বডি ফেলে দেব।

বাজে কথা একদম বলবে না। বডি ফেলে দেবে মনে? কার বডি তুমি ফেলে দেবে? চা খেতে চেয়েছ চা খাও। চা খেয়ে বিদেয় হও। বড় বড় কথা বডি ফেলে দেব।

বাকের নিঃশব্দে চা শেষ করে উঠে এল। মেজাজ খুব খারাপ করা উচিত ছিল। কিন্তু করতে পারেনি কারণ পকেটে এতগুলি টাকা। তাছাড়া ভাই ভাবী এই দুজনের ওপর সে রাগ করতে পারে না।

আজও একবার যাবে বলে ঠিক করল। চাকরির ঝামেলা মানে কী ঝামেলা জানতে ইচ্ছা করছে। তবে খোঁজখবর নিয়ে যেতে হবে। ভাই থাকলে যাবার প্রশ্ন ওঠে না।

বাকের জলিল মিয়ার স্টলের সামনে এক মুহূর্তের জন্যে দাঁড়াল জলিশ মিয়া ক্যাশ সামালাতে ব্যস্ত তার দম ফেলার সময় নেই। তবু বাকেরের দিকে তাকিয়ে দাঁত বের করে দিল।

চা খাইয়া যান বাকের ভাই।

বাকের উত্তর না দিয়ে হাঁটতে শুরু করল। রঙবেরঙের নানান পোস্টার চোখে পড়ছে। মহানগর কমিটি। এই বস্তুটি কি কে জানে। পাড়ায় অনেক কিছুই হচ্ছে সে খবর রাখে না। ইয়াদের কাছ থেকে ভেতরের খবর কিছু নেয়া উচিত। কিন্তু তার সঙ্গে দেখাই হচ্ছে না। যে ক’বার গিয়েছে ইয়াদের বউ মুখ কালো করে বলেছে উনি বাসায় নাই। মিথ্যা কথা বলছে না তো? না মিথ্যা কেন বলবে? বাকের অন্যমনস্ক হয়ে পড়ল তখনি চোখে পড়ল। ইয়াদ মাথা নিচু করে হনহন করে যাচ্ছে। বগলে একটা দুধের টিন। চোখে চশমা। ব্যাটা চশমা নিল কবে।

ঐ শালা। ঐ ইয়াদ।

ইয়াদ থমকে দাডাল। বাকের এগিয়ে গেল।

দেখাই পাওয়া যায় না ব্যাপার কী? চার দিন গোলাম।

দারুণ ব্যস্ত, কেমন আছিস রে দোস্ত।

ভালোই আছি। আয় চা খাই।

আজি না দোস্ত বাসায় দুধ নেই। দুধ নিয়ে যাচ্ছি। দেরি হলে বউ মাইণ্ড করবে।

দুধ বউয়ের কাছে দিয়ে আয়, তাহলে তো আর মাইড কববে না। নামিয়ে দিয়ে ফুট করে চলে আসবি।

আজ বাদ দে দোস্ত। এক জায়গায় যেতে হবে। আমার বড়শালীর ছেলের জন্মদিন। না গেলে খুব মাইন্ড কববে। গাড়ি পাঠিয়ে দিয়েছে। বিশ্বাস না হয়। আমার সঙ্গে এসে গাড়ি দেখে যা। ডাইহাটসু গাড়ি।

বাকের উল্টো দিকে হাঁটা ধরল। মেজাজ খুব খারাপ হবার আগেই সরে যাওয়া ভাল। মুনাদের বাসায় কি একবার যাওয়া যায়? সকালে অবশ্যি একবার দেখা হয়েছে। তাতে কি? রুগী আছে একজন খোঁজখবর করা দরকার। মুনা রাগ নাও করতে পারে। সব সময় যে তাকে দেখলেই মুনা রেগে যায় তাও তো না। মাঝে মাঝে খুবই ভাল ব্যবহার করে। যেমন আজ সকালে বাকের ঘরে ঢোকা মাত্রই মুনা বলল, বাকের ভাই চা খাবেন?

বিস্মিত বাকের বলল, হ্যাঁ।

তাহলে এক কাজ করুন। ফ্লাক্স দিচ্ছি, ফ্লাস্ক ভর্তি করে দোকান থেকে চা নিয়ে আসুন। ঘরে চা নেই, চিনি নেই, দুধ নেই। বিশ্ৰী অবস্থা। কাল থেকে চা না খেয়ে আছি।

বাকের ফ্লাস্ক ভর্তি করে চা নিয়ে এল–সেই সঙ্গে হাফ কেজি চা। দুই কেজি চিনি এবং একটা কনডেন্সড মিল্প,। বাকের ভেবেছিল সঙ্গের জিনিসগুলি দেখে মুনা রাগ করবে। তা সে করেনি। হাসি মুখে বলেছে, থ্যাংকস।

মুনার কাছে যাওয়া যায়। অবশ্যই যাওয়া যায়। দুটো মেয়ে মানুষ একা একা আছে এই কারণেই তো যাওয়া দরকার। রাগ করলেই বা কি। তার একটা দায়িত্ব আছে না?

বাকের লম্বা লম্বা পা ফেলতে লাগল।

আকাশ ঘোলাটে। বৈশাখ মাস শুরু হয়েছে। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে প্রচণ্ড ঝড়বৃষ্টি হবে। বৎসরের প্রথম কালবৈশাখী। ভাল। খুবই ভাল। ঝড়বৃষ্টি হোক। মাঝে মাঝে ঝড়বৃষ্টি হওয়া দরকার। তা না হলে সব ন্যাত মেরে যায়। লাইফ হেলা হয়ে যায়। বাকের গুনগুন করে একটা সুর উঠাবার চেষ্টা করছে। গানের কথাগুলি হচ্ছে ইয়ে হ্যাঁয় আখেরি জামানা। আখেরি শব্দটার ওপর লম্বা টান। আছে। টান দিয়ে গলা ভেঙে ফেলতে হয়। টানটা ভালই আসছে গলা ভাঙােটা আসছে না। তাঁর গুনগুন করতে ভাল লাগছে ইয়ে হ্যাঁয় আখেরি জামানা। এটা হচ্ছে শেষ সময়। হে প্ৰিয়তম এই শেষ সময়ে তুমি আমাকে ফেলে চলে যে ও না। অভিশপ্ত জীবন থেকে তুমি আমাকে মুক্তি দাও।

খুব আধ্যাত্মিক গান।

ঝড় মাথায় করে মামুন জাহানারাদের বাসায় এসে উঠল। হলুস্থূল কাণ্ড ঘটে যাচ্ছে। চোখের সামনে একটা ইলেকট্রিসিটির পিলার ভেঙে পড়ল। এত পলকা ধরনের পিলার বানায় নাকি আজকাল? ধরক করে আগুন বেবী হয়ে বিকট শব্দ। তার প্রায় সঙ্গে সঙ্গেই জাহানারাদের বাড়ির সামনের কাঠাল গাছের একটা ডাল ভেঙে টিনের চালে পড়ল। আগের বারের চেয়ে ও বিকট শব্দ হল। তারপর শুরু হল শিলাবৃষ্টি। গত পাঁচ বছরে ঢাকা শহরে এ রকম শিল পড়েনি।

জাহানারাদের ঘরে দরজা-জানালা সব বন্ধ। অনেকক্ষণ দরজায় ধাক্কাধাব্ধি করার পর ভেতর থেকে জাহানারা ভীতিগলা শোনা গেল কে?

আমি। আমি মামুন।

বিস্মিত জাহানারা দরজা খুলতে খুলতে বলল, আপনি এখানে কী করছেন? আসবার আর সময় পেলেন না?

এ রকম ঝড় হলে বুঝতে পারিনি। টর্নেডো-ফার্নেডো কিনা কে জানে।

টর্নেডো নয় কালবৈশাখি। ভেতরে আসুন। দরজা বন্ধ করে দেব।

জাহানারাদের বাড়ির একটা অংশ টিনের চাল। শিলা বৃষ্টির কারণে প্রচণ্ড শব্দ হচ্ছে। একটা ঘরের জানালা খুলে গেছে। সেই জানালা আছড়ে পড়ছে বারবার। জাহানারা বলল, অন্ধকার বাদে থাকুন। আমি আগে ঘর সামলাই। মামুন কৈফিয়তের ভঙ্গিতে বিড়বিড় করে কী যেন বলল, শব্দের কারণে কিছু বোঝা গেল না। ভেতর থেকে জাহানারার মা চেঁচাচ্ছেন–কে এসেছে–কার সঙ্গে কথা বলছিস?

জাহানারা জবাব না দিয়ে ভেতরে চলে গেল। মামুন এই রকম সময়ে চলে আসায় তার একটু লজ্জা লজা করছে। আবার ভালও লাগছে। ঘরে শুধু সে আর মা। অন্যরা ফুপুর বাসায় বেড়াতে গেছে। রাতে থেকে যাবে। এতক্ষণ ভয় ভয় করছিল এখন ভয়টা কমেছে।

জাহানারা কিছুক্ষণ পর আবার এসে ঢুকল। হাসিমুখে বলল, আমাদের ছাদে প্রচুর শিল পড়েছে। শিল কুড়াবেন?

মামুন অবাক হয়ে বলল, শিল কুড়াব কেন? শিল কি আম নাকি?

আমি শিল কুড়াতে যাচ্ছি। আপনি আমার সঙ্গে আসুন তো! একা একা ভয় ভয় লাগছে।

শিল দিয়ে কি করবেন?

কিছু করব না। ছোটবেলায় কুড়াতাম এখন আবার ইচ্ছা করছে।

ঝড় কমুক।

ঝড় কমেছে। শুধু বাতাস দিচ্ছে। আসুন তাড়াতাড়ি, এত অনুরোধ করতে পারব না।

মামুন উঠে দাঁড়াল। আশ্চর্য কাণ্ড উঠে দাঁড়ানোমাত্র জাহানারা বলল, থাক থাক এমনি বলছিলাম। ঠাট্ট করছিলাম। ঝড়বৃষ্টির মধ্যে ঠাট্টা করতে ভাল লাগে।

তাই নাকি? আমি অবশ্যি জানতাম না। আমি ভেবেছি আপনি বুঝি সত্যি সত্যি.

আমাকে কি আপনার কচি খুকি বলে মনে হয়?

না তা না। তবে আমার বড়রা অনেক সময় ছোটদের মত আচরণ করি।

তা অবশ্যি করি। এখন কি আপনি বড়দের মত একটা আচরণ করবেন? আপনাকে একটা টেলিফোন নম্বর দিচ্ছি। ঐ নম্বরে টেলিফোন করে খোঁজ নিয়ে আসবেন মীরারা ভাল আছে কিনা। মা চিন্তা করছেন। কোন একটা দোকানে বা ফার্মেসিতে টেলিফোন পাবেন।

নম্বরটা বলুন।

খুব সহজ নম্বর ৪৪২৩৪৫ মনে থাকবে না কাগজে লিখে দেব?

মনে থাকবে।

টেলিফোন করে আসুন তারপর চা খাবেন। নাকি আজও ঐ দিনের মত ভাত খেতে চান?

মামুন বিস্ময় বোধ করছে। জাহানারা কথা বলার ভঙ্গি তার স্বভাবের সঙ্গে মিশ খাচ্ছে না। বড় বেশি তরল গলায় কথা বলছে।

আজ খাবার কিন্তু ঐ দিনের চেয়েও খারাপ। ডিমের তরকারি এবং আলু ভাজা। খেতে পারবেন?

পারব।

জাহানারা হেসে ফেলল। তার হাসিটা খুব সুন্দর। যার হাসি সুন্দর তার কান্না নাকি কুশ্ৰী। জাহানারা কাঁদলে কেমন দেখাবে কে জানে। জাহানারা বলল, এ রকম মুখ গম্ভীর করে কী ভাবছেন?

মামুন বলল, কিছু ভাবছি না। আপনার জন্যে সামান্য একটা উপহার এনেছি। গল্পের বই। আপনার জন্মদিনের উপহার হিসেবে।

জাহানারা অবাক হলে বলল, আজ আমার জন্মদিন আপনাকে কে বলল?

মীরা বলেছিল। গতবার যখন এসেছিলাম। ওকে জিজ্ঞেস করেছিলাম।

ওর কোনো কথা বিশ্বাস করবেন না। আজ হচ্ছে ওর জন্মদিন। ফুপু এই উপলক্ষে তাকে দাওয়াত করেছেন। গল্পের বইয়ে কী আপনি আমার নাম লিখেছেন?

জি না।

তাহলে এটা তাকেই দিন। এখন যান টেলিফোন করে আসুন। নম্বরটা মনে আছে?

জি আছে–৪৪২৩৪৫

আপনার স্মৃতিশক্তি তো চমৎকার।

মামুনের স্মৃতিশক্তি মনে হচ্ছে তেমন ভাল নয়। পানিতে ভিজে, কাদায় মাখামাখি হয়ে সে যখন টেলিফোনের একটা ব্যবস্থা করল তখন দেখা গেল নম্বর মনে নেই। ২৩ এবং ৪৫-এ গণ্ডগোল। কোনটা আগে কোনটা পেছনে কিছু মনে নেই। সব তালগোল পাকিয়ে গেছে।

হাসিনার শরীরটা আজ অন্য দিকে চেয়ে অনেক ভাল। ঝড়বৃষ্টির সময় ছোটাছুটি করে দরজা জানালা বন্ধ করেছেন। অন্য সময় অল্প একটু হাঁটাহাঁটিতেই হাঁপ ধরে যেত। আজ তেমন হচ্ছে না। বরং অনেক দিন পর ঝড়বৃষ্টিটা তাঁর ভালই লাগল।

এখন আর তেমন ভাল লাগছে না। জাহানারা ছেলেটির সঙ্গে খুকিদের গলায় কথা বলছিল। কেন বলছিল? জাহানারা এ রকম করে কখনো কথা বলে না। ছেলেটির সম্পর্কে তার মনে কি আছে তা পরিষ্কার জানা উচিত। জিজ্ঞেস করতে যেন কেমন বাধা বাধা লাগে। মীরা হলে এতক্ষণে হড়বড় করে সব বলে ফেলত।

জাহানারা।

বল মা।

ঐ ছেলে চলে গেছে?

হুঁ আবার আসবে। টেলিফোনে মীরার খোঁজ নেবে তারপর আসবে।

ও।

রাতে এখানে খাবে মা। চট করে কিছু কী করা যায়?

হাসিনা একবার ভাবলেন–বলবেন, রাতে খাবে কেন?

তিনি তা বলতে পারলেন না। শীতল গলায় বললেন, দেখ কিছু আছে কিনা।

রাতে খাবে বলে কি তুমি বিরক্ত হচ্ছে নাকি মা?

না। বিরক্ত হব কেন? ঢাকা শহরে কি এই ছেলের কোনো আত্মীয়-স্বজন আছে?

কেন বল তো?

না। এমনি। একটু খোঁজখবর করতাম।

কিসের খোজখবর?

হাসিনা জবাব দিলেন না। জাহানারা সহজ গলায় বলল, তুমি যা ভাবিছ সে সব কিছু না মা।

সে সব কিছু হলেই বা ক্ষতি কী?

হাসিনা তীক্ষ্ণ চোখে মেয়ের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে রাগ ছিল, অভিমান ছিল, বিষাদ ছিল এবং কিছু পরিমাণে মিনতিও ছিল। জাহানারা একটি নিঃশ্বাস ফেলল।

হাসিনা নরম স্বরে বললেন–ছেলেটা ভাল। আমার পছন্দ হয়েছে।

জাহানারা বলল, পছন্দ হলে কী করতে হবে? জাহানারা গলার স্বরে রাজ্যের বিরক্তি। হাসিনা অবাক হলেন। এর রকম তো হবার কথা না। তার ধারণা জাহানারাও ছেলেটিকে পছন্দ করে। এই পছন্দ সাধারণ পছন্দেরও বেশি। তাহলে কি তার ধারণা ভুল। ভুল তো হবার কথা না। এই সব ব্যাপারে মারা সচরাচর ভুল করেন না। তিনিও করেননি। ছেলেটি যে কবার এসেছে জাহানারার চোখ-মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। সে কথা বলেছে কিশোরীদের তরল গলায়। শব্দ করে হেসেছে। এসব কিসের লক্ষণ তা তিনি জানেন। তাহলে জাহানারা এমন করছে কেন? অন্য কোনো গোপন রহস্য আছে কি? তার জানতে ইচ্ছে করে। তবে জানতে ইচ্ছা করলেও লাভ নেই। জাহানারা মুখ খুলবে না। মুখ তালাবন্ধ করে রাখবে। দশটা কথা জিজ্ঞেস করলে একটা জবাব দেবে। সেই জবাব থেকে কিছু বোঝা যাবে না।

হাসিনা ক্ষীণ স্বরে বললেন, জাহানারা তুই আমার পাশে বস তো। জাহানারা সহজ গলায় বলল, পাশেই তো বসে আছি মা।

হাসিনা পাশ ফিরে মেয়ের কোলে একটা হাত রাখলেন। কোমল স্বরে বললেন, ছেলেটাকে আমার খুব পছন্দ। ঠাণ্ডা ছেলে। আজকাল এ রকম দেখা যায় না।

আজকাল বুঝি ছেলেরা সব গরম হয়ে গেছে?

তুই এমন রেগে যাচ্ছিস কেন রে মা? রেগে যাবার মতো কিছু বলেছি? ছেলেটাকে ভাল লেগেছে এইটা শুধু বললাম। এতে দোষের কী হল?

না দোষের কিছুই হয়নি। আমি রাগ করিনি। একজনকে ভাল বলবে তাতে আমি রাগ করব। কেন?

আমরা আগের কালের মানুষ। এ কালের কাণ্ডকারখানা কিছু বুঝি নারে মা।

জাহানারা খানিকক্ষণ চুপ করে রইল। মার রোগশীর্ণ হাতের ওপর নিজের হাত রাখল। তারপর খুবই নিচু গলায় প্রায় অস্পষ্ট স্বর বলল, ছেলেটাকে নিয়ে তুমি যা ভাবতে শুরু করেছ তা না ভাবলেই ভাল হয় মা। মামুন সাহেবের বিয়ে ঠিক হয়ে আছে। কিছু দিনের মধ্যেই বিয়ে হবে।

হাসিনা তীক্ষ্ণ গলায় বললেন, কিছুদিনের মধ্যে বিয়ে হবে তাহলে এখানে এসে বসে থাকে কেন? এটা কি ধরনের ভদ্রতা?

বিয়ে হচ্ছে বলে সে এ বাড়িতে আসবে না। এমন তো কোন কথা নেই মা।

হাসিনার চোখে পানি এসে গেল। তিনি সেই লুকুবার কোনো চেষ্টা করলেন না। তিনি ভেবেই নিয়েছিলেন জাহানারার সঙ্গে এই ছেলেটির বিয়ে হবে। সংসারের ভিত পাকা হবে।

জাহানারা বলল, চা খাবে নাকি মা?

না।

শরীর খারাপ লাগছে?

উঁহু।

তুমি এমন ভেঙে পড়ছি কেন? এই ছেলে ছাড়া কি ছেলে নেই? মেয়ের বিয়ে দিতে চাও দেবে। আমি তো কখনো না বলিনি। এক’দিন শাড়ি গয়না পরে বরের বাড়িতেই চলে যাব। তখন হায় হায় করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *