বাবার কোনো জিনিস দেখে কেউ যদি বলতো–সুন্দর! বাবা তাকে সঙ্গে সঙ্গে সেই জিনিস উপহার হিসেবে দিয়ে দিতেন। ইদরিস চাচা আমাকে বলেছেন।খোকা শোনো, তুমি খুবই ভালো ছেলে, তোমাকে আমার পছন্দ হয়েছে। তোমার খেলনা আমি নেব না। আমার যখন খেলনাটা দেখতে ইচ্ছা করবে, তখন এসে দেখে যাব। এখন আমার প্রশ্নের জবাব দাও।প্রশ্নের জবাব দিতে আমার ভালো লাগে না।ভালো লাগে না এমন অনেক কাজ আমাদের কিন্তু করতে হয়। তোমার দুধ খেতে ভালো লাগে না, তোমাকে কিন্তু দুধ খেতে হয়। তাই না?
হ্যাঁ।যা প্রশ্ন করি সত্যি জবাব দিও। তুমি তো প্রচুর মিথ্যা বলো।মিথ্যা বলি?অবশ্যই। আজ যে লোকটার কথা বললে, মাথায় ক্রিকেটারদের হ্যাট, তার গায়ে লাল চাদর, সবই মিথ্যা। তোমাকে ছড়া বলেছে–টাবে টাবে দুটা ভাত খাবে। এই ছড়ার ব্যাপারটা তুমি জানো। ইদরিস মিয়া তোমার বাবার বিষয়ে গল্প করার সময় এই ছড়ার কথা বলেছে। লোকটার বর্ণনাও তুমি ইদরিসের কথা অনুযায়ী করেছ। যাতে সবাই মনে করে তুমি তোমার বাবাকেই রিকশায় দেখেছ।
তুমি তোমার বাবাকে নিয়ে একধরনের রহস্য তৈরি করার চেষ্টা করছ।রনি রকিং চেয়ারে দুলুনি বন্ধ করে তাকিয়ে আছে। এখন তার কাছে মনে হচ্ছে লোকটার বুদ্ধি ফেলুদার মতো না হলেও খুব কমও না।রনি।জি।ইদরিস মিয়া যে বলে তোমার ঘরে সে তোমার বাবাকে দেখেছে তা কি তুমি জানো? জানি।সে কী দেখেছে সেটা জানো? কী দেখেছে?
সে তোমাকেই দেখেছে। তুমি আমার নকল দাড়ি পরে চাদর গায়ে এখন যেভাবে দোল খাচ্ছ সেইভাবে দোল খাচ্ছিলে। ভালো কথা, লাল চাদরটা কোথায়? রনি বলল, কাবার্ডে আছে।আফসারউদ্দিন বললেন, আমার ধারণা একই লোক তোমাকে রিকশায় করে দুবার ঘুরেছে। লোকটার নাম বলো।নাম জানি না।তার উদ্দেশ্যটা কী তুমি কি জানো? না।
উদ্দেশ্য খারাপ না এইটুকু বোঝা যাচ্ছে। লোকটা একটা খেলা খেলার চেষ্টা করছে। সে তার খেলাতে তোমাকে নিয়ে নিয়েছে। তুমি নিজেও খেলছ। কেন খেলছ তুমি জানো না।রনি বলল, আপনার বুদ্ধি ফেলুদার মতোই।আফসারউদ্দিন ভুরু কুঁচকে বললেন, ফেলুদা ব্যাপারটা কী আমাকে বুঝিয়ে বলো তো।রনি বলল, আপনাকে একটা বই দিয়ে দেব। বইটার নাম গ্যাংটকে গণ্ডগোল, বইটা পড়লেই আপনি বুঝবেন।বইটা কি এখন দেবে?
হ্যাঁ।বেশ তাহলে দাও আমি চলে যাই।আর প্রশ্ন করবেন না? না, বেশি প্রশ্ন করতে আমার ভালো লাগে না।আফসারউদ্দিন আবারো পাখিটা নিয়ে খেলতে শুরু করলেন। রনি এসে তার পাশে দাঁড়াল। আফসারউদ্দিন লজ্জিত মুখে বললেন, পাখির পানি খাওয়ার বিষয়টা বুঝতে পারছি না বলে এটা নিয়ে খেলে যাচ্ছি। কোনো জিনিস না বুঝতে পারলে আমার অস্থির লাগে। তোমার ব্যাপারটাও বুঝতে পারছি না বলে অস্থির লাগছে।
রনি বলল, শুরুতে আমি ভেবেছিলাম আপনি ভালো ডিটেকটিভ না, এখন মনে হচ্ছে ভালো ডিটেকটিভ।আফসারউদ্দিন বললেন, আমি যে ভালো ডিটেকটিভ তার প্রমাণ দেব? তুমি যে লোকটির সঙ্গে রিকশায় করে ঘুরেছ, তার নাম তুমি জানো, তাকে তুমি চেনো। মিথ্যা করে বলেছ তাকে তুমি চেনো না। লোকটার নাম হাব্বত আলি। এই বাড়িতে আগে এসেছিল।আপনি কীভাবে বুঝলেন তার নাম হাব্বত আলি?
তুমি একটা বুদ্ধিমান ছেলে। বুদ্ধিমান ছেলে নিতান্তই অপরিচিত কারো সঙ্গে রিকশায় উঠবে না। হাব্বত আলি তোমার পরিচিত। প্রথম দিনেই তাকে তুমি পছন্দ করেছিলে। আমি তোমাদের বাড়ির বুয়া এবং ইদরিস মিয়ার কাছে শুনেছি, তুমি অনেকক্ষণ তার সঙ্গে গল্প করেছ। তুমি যে রিকশায় আজ তোমাদের বাড়িতে এসেছ, সেই রিকশাওয়ালার সঙ্গে আমি কথা বলেছি। সে লোকটার যে বর্ণনা দিয়েছে সেই বর্ণনা শুনেছি। এখন বুঝতে পারছ?
হুঁ।এরপরেও কি তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলবে? না।ভেরি গুড। এখন বইটা দাও চলে যাই।আফসারউদ্দিন বই নিয়ে চলে গেলেন।রাতে ঘুমুতে যাবার আগে আগে রনিকে টেলিফোন করল লুতপাইন। তার গলা ভারি। গলাটা শোনাচ্ছে অন্যরকম। মনে হচ্ছে একটা ছেলে কথা বলছে। রনি বলল, কে? আমি লুতপা।তোমার গলা এরকম শোনাচ্ছে কেন?
আমার জ্বর এসেছে। জুর এলে আমার গলা অন্যরকম হয়ে যায়। কাল আমি স্কুলে যাব না।স্কুলে না যেতে পারলে যাবে না। আমাকে বলছ কেন? তুমি স্কুলে গিয়ে যখন দেখবে আমি নেই তখন তোমার খারাপ লাগবে, এইজন্যে তোমাকে আগেই বলছি।আমার খারাপ লাগবে কেন?
কারণ তোমার সঙ্গে আমার Love হয়েছে এইজন্যে।তুমি এরকম অসভ্য কথা আর কখনো আমাকে বলবে না।আচ্ছা বলব না।আর আমাকে কখনো টেলিফোন করবে না।আচ্ছা করব না।আমার কাছে কখনো ছবিও চাইবে না। তোমাকে আমি আর কোনো ছবি একে দেব না।যেগুলি দিয়েছ সেগুলি কি ফেরত নিয়ে যাবে?
নিতেও পারি।প্লিজ ফেরত নিও না।তুমি যদি আমাকে আর টেলিফোন না কর তাহলে ফেরত নেব না।আর টেলিফোন করব না।প্রমিজ? লুতপা বলল, প্রমিজ। বলতে বলতেই তার কান্না পেয়ে গেল। সে কেঁদে ফেলল। তবে কোনো শব্দ করল না। তারপরেও কী করে যেন রনি ব্যাপারটা বুঝে গেল। সে গম্ভীর হয়ে বলল, কাঁদছ কেন?
লুতপাইন ফেঁপাতে ফেঁপাতে বলল, আমার জ্বর এসেছে। মাথা ব্যথা করছে এইজন্যে কাঁদছি।রনি খট করে টেলিফোন নামিয়ে রাখল।লুতপাইন ক্লাসে আসে নি। রনির পাশের চেয়ারটা খালি। রনির মনে হলো, ক্লাসে আজকের দিনটা তার ভালো যাবে। কেউ তাকে বিরক্ত করবে না। একটু পর পর বলবো না, এই কী করছ? ছবি আঁকছু না-কি? একটু দেখি? এই ছবিটা আমাকে দেবে? ছবি না এঁকে সে যদি জানালা দিয়ে বাইরে তাকাতো তাহলে বলতো, এই জানালা দিয়ে কী দেখছ? মেয়েটা যে কী কথা বলতে পারে! কেউ যদি মেয়েটার ঠোঁটে একটা স্কচ টেপ লাগিয়ে দিত।
আজ সোমবার। প্রথম পিরিয়ড অংক। অংক মিস (অংক মিসের নাম শাহানা। উনি খুব ভালো অংক জানেন এবং ক্লাসে অনেক মজা করেন। এসেই বোর্ডে একগাদা ডেসিমেলের অংক দিয়ে দিলেন। হাসি হাসি মুখ করে বললেন, পাচটা অংক দিয়েছি। যে সবার আগে পাঁচটা অংক করে আমার কাছে জমা দিতে পারবে, তার জন্যে প্রাইজ আছে। রনির ঠিক সামনের সিটে বসে মিঠু। সবাই তাকে ডাকে মোটা-মিঠু। মোটা-মিঠু অংক, ইংরেজি কোনো কিছুই পারে না; কিন্তু খুব প্রশ্ন করতে পারে। সে উঠে দাঁড়িয়ে বলল, কী প্রাইজ মিস?
অংক শেষ কর, তারপর দেখবে কী প্রাইজ।
প্রাইজ কি আজই দেয়া হবে?
হ্যাঁ, আজই দেয়া হবে।
শুধু একটাই প্রাইজ? সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ নেই?
মিঠু, তুমি বসো তো।
মিঠু বসল এবং পেন্সিল কামড়াতে লাগল। পেন্সিল কামড়ানোর কাজটা মিঠু খুব ভালো পারে। রনি জানে ক্লাসের ঘণ্টা পড়ে যাবে, মিঠু পেন্সিল কামড়াতেই থাকবে। একটা অংকও করতে পারবে না! অংক মিস একবার তাকে জিজ্ঞেস করেছিলেন–Four plus point five কত? মোটা-মিঠু বলেছিল–Five. লুতপাইন থাকলে কী করত? সেও পেন্সিল কামড়াতে, তবে সব অংক শেষ করে তারপর। মেয়েটার অদ্ভুত ব্যাপার হলো, সব অংক শেষ হলেও সে কখনো হাত তুলে বলবে না মিস আমি অংক সবগুলি করে ফেলেছি। তার নাকি ম্যাডামদের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে ভালো লাগে না।
শাহানা মিস বললেন, কী ব্যাপার, আজ কি নুতপা আসে নি? তিনি বিশেষ কাউকে প্রশ্ন করেন নি, কিন্তু যথারীতি জবাব দিল মিঠু। মিস, লুতপা আজ আসেনি। সে গত সোমবারেও আসেনি।মিস বললেন, লুতপা না এলে তো অংকের হজ কেউ পাবে না।রনির মনে হলো মিসের কথা খুবই সত্যি। লুতপা থাকলে এতক্ষণে সব অংক শেষ করে সে পেন্সিল কামড়াতে কামড়াতে রনির সঙ্গে গল্প করার চেষ্টা করত।মোটা মিঠু বলল, মিস আপনি কি প্রাইজটা টেবিলের উপর রাখবেন?
তাহলে প্রাইজটা দেখে দেখে আমরা অংক করতাম।মিস তার হ্যান্ডব্যাগ খুলে গিফট র্যাপে মোড়া একটা প্যাকেট টেবিলে রাখলেন। প্যাকেটের সাইজ দেখে রনির কাছে মনে হচ্ছে চকলেট। লুতপা চকলেট পেলে খুবই খুশি হতো। মেয়েটা এমন চকলেট খেতে পারে! তার ব্যাগে সবসময় চকলেট থাকে।
পাঁচটা অংকের ভেতর রনি চারটা করে ফেলেছে, আর একটা শুধু বাকি। যে চারটা করেছে রনির ধারণা সেগুলি শুদ্ধ হয়েছে। পাঁচ নম্বরটা ঠিকমতো করে ফেলতে পারলে চকলেটের প্যাকেটটা সে-ই পাবে। রনি চকলেট পছন্দ করে না। সে ঠিক করে রাখল যদি প্রাইজটা সে পায় তাহলে লুতপাইনকে দিয়ে দেবে। তবে নিজের হাতে দেবে না। লুতপাইনের চেয়ারে রেখে দেবে, সঙ্গে একটা নোট থাকবে। নোটে লেখা–For you. লুতপাইন খুবই অবাক হবে। ভুরু কুঁচকে চিন্তা করে বের করার চেষ্টা করবে–কে দিল চকলেটের প্যাকেট।
রনি। হ্যালো রনি।রনি পাঁচ নাম্বার অংকটা মাত্র শুরু করেছে। তার ধারণা এই অংকটাও সে পারবে, ঠিক তখনি মিস ডাকলেন। রনি উঠে দাঁড়াল। মিস বললেন, রনি, তুমি প্রিন্সিপ্যাল আপার ঘরে যাও। তোমার বাবা টেলিফোন করেছেন। জরুরি। অংক খাতা আমার কাছে দিয়ে যাও।
রনির মোটেও যেতে ইচ্ছা করছে না, কারণ সে জানে এমন কোনো জরুরি ব্যাপার না। তারপরেও সে গেল। তার মনটা খারাপ হয়েছে, কারণ তার মনে হচ্ছে পাঁচ নাম্বার অংকটাও সে পারবে।কে, রনি?হুঁ। হুঁ কী? বলো জি।জি।শোনো, আজ টিফিন টাইমে তুমি স্কুল কম্পাউন্ড থেকে বের হবে না।আচ্ছা।
প্রাইভেট অ্যারেঞ্জমেন্টে আমি তোমার জন্যে একজন সিকিউরিটির লোক রেখেছি। সে সবসময় তোমাকে চোখে চোখে রাখবে।আচ্ছা।সে ডিউটি শুরু করবে আজ বিকাল তিনটা থেকে। অর্থাৎ তোমার স্কুল ছুটির পর থেকে।হুঁ।আবার হুঁ বলছ কেন? বলো জি কিংবা OK. সিকিউরিটি লোকের নাম রুস্তম। সে এক্স-আর্মিমান। OK
তোমার দাদাজান খুবই ঝামেলা করছেন। তিনি আমার নামে ফৌজদারি মামলা করেছেন। তার ধারণা আমিই লোক দিয়ে বিভিন্ন সময়ে তোমাকে কিডন্যাপ করাচ্ছি। বদ্ধ উম্মাদ না হলে এমন আইডিয়া তার মাথায় কী করে আসে কে জানে! এই উন্মাদ আজ বিকালে বাড়িতে আসবে। তুমি তার সঙ্গে কথা বলবে না।কেন কথা বলবো না?
একজন উন্মাদের সঙ্গে কথা বলার কোনো মানে হয় না। এইজন্যে কথা বলবে না। OK. টেলিফোন শেষ করে ক্লাসে ফিরে রনি দেখে, অংক মিসের পরীক্ষা শেষ হয়েছে। প্রাইজটা পেয়েছে সে। কেউ চারটা অংক শুদ্ধ করতে পারে নি। শুধু রনিই পেরেছে।শাহানা মিস বললেন, আমার কথা ছিল পাঁচটা অংক শুদ্ধ করতে হবে। তুমি পঞ্চমটা করতে পার নি। এই ফল্ট তোমার না। তোমাকে আমিই প্রিন্সিপ্যাল আপার ঘরে পাঠিয়েছিলাম। কাজেই তোমাকে পুরস্কার দেয়া হচ্ছে।
মোটা-মিঠু বলল, মিস এটা ফেয়ার না। আমি প্রটেষ্ট করছি।
মিঠু, তুমি কি চুপ করে বসবে?
না মিস, আমি বসব না।
ঠিক আছে, তুমি দাঁড়িয়ে থেকে পেন্সিল কামড়াও।
মিস, আমি বাজি রাখতে পারি রনি পাঁচ নম্বর অংকটা পারবে না। লুতপা থাকলে পারত। ও পারবে না। ওকে প্রাইজ দেয়া যাবে না মিস, আমি প্রটেষ্ট করছি।মোটা-মিঠু প্রটেস্ট করে দাঁড়িয়ে থাকতে থাকতেই অংক ক্লাস শেষ হলো। পরের ক্লাস সায়েন্সের। সায়েন্স মিস ক্লাসে ঢুকেই বললেন, রনি কোথায়? রনি উঠে দাঁড়াল।মিস বললেন, প্রিন্সিপ্যাল আপার ঘরে যাও। তোমার জরুরি টেলিফোন এসেছে।
মোটা-মিঠু বলল, প্রতি ক্লাসেই রনির একটা করে জরুরি টেলিফোন আসছে আর সে ক্লাস ফাকি দিয়ে ঘুরছে। এই প্রটেস্ট।রনির ইচ্ছা করছে বলে, আমি টেলিফোন ধরব না। আমি নিজেও প্রটেস্ট করছি। সেটা বলা সম্ভব না। রনি প্রিন্সিপ্যাল আপার ঘরের দিকে রওনা হলো। এখন কে টেলিফোন করেছে কে জানে! বাবা কি আবার করেছেন? নতুন আরেকজন সিকিউরিটি গার্ডের কথা বলবেন? নাকি মা করেছেন? নাকি অন্য কেউ?
হ্যালো রনি?
হুঁ।
এই গাধা, আমাকে চিনতে পারছিস না?
না, আপনি কে?
আমি তোর দাদাজান।
ও আচ্ছা।
ও আচ্ছা কী? বল স্লামালিকুম।
স্লামালিকুম।
Read more
