আচ্ছা, এবার আরেকটা কথা বলি–সেটাও হঠাৎ মনে পড়ল। রূপসার রাজা তার ছেলেকে বন্দি করে রেখেছে প্রাসাদের ছাতের কোণে একটা ঘরে। বাবাকে হটিয়ে ছেলে সিংহাসনে না বসা অবধি রূপসার কোনও গতি নেই; শুখনাই অসুখে সারা দেশ ছারখার হয়ে যাবে। রাজাকে এক সদাগর এক লক্ষ স্বর্ণমুদ্রা দিয়ে একটা পান্না বিক্রি করে আজ থেকে সাত বছর আগে। এই পান্না রাজার গলার হারে বসানো। এই পান্নায় জাদু আছে; এটাই যত নষ্টের গোড়া।
বুঝছিস? কানাই বুঝেছে ঠিকই, কিন্তু চাঁদনির পাতা কী করে পাওয়া যাবে সেই নিয়ে তো জগাইবাবা কিছুই বললেন না! ঝিনুকের ভিতর আবার কথা শোনা গেল।চাঁদনি উদ্ধার করায় বড় বিপদ। কিন্তু তারও রাস্তা আছে।কী রাস্তা? সেটা মনে পড়ছে না, বলল জগাইবাবা। পড়লে বলব।ব্যস্, কথা শেষ। কানাই কানে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছে। সে ঝিনুকটাকে আবার ট্যাঁকে গুঁজে নিল।
প্রহরী এখনও টহল দিচ্ছে। লম্বা টহল, তার গোড়ায় আর শেষটায় প্রহরী কানাইয়ের দৃষ্টির বাইরে চলে যায়। বাঁ দিকে একবার প্রহরী অদৃশ্য হতেই ট্যাঁক থেকে নীল ফলটা বার করে কানাই টপ করে মুখে পুরে দিল। তারপর প্রহরী ডান দিকে অদৃশ্য হতেই কানাই ধাঁ করে বলে দিল ফক্কা! প্রহরী ফেরার পথে কয়েদখানার দিকে দেখেই চমকে উঠল। তার টহল থেমে গেল।সে প্রথমে গরাদের ফাঁক দিয়ে ভিতরে দেখল-এ-কোণ, ও-কোণ, সে-কোণ।
তারপর মশালটা গরাদের ভিতর ঢুকিয়ে দিয়ে আবার দেখল।তারপর মশাল রেখে চাবি দিয়ে ফটক খুলে অতি সন্তর্পণে ভিতরে ঢুকল। তার চোখে অবাক ভাবটা তখন দেখবার মতো!কানাই এই সময়টার জন্যই অপেক্ষা করছিল। প্রহরীকে বেশ কিছুটা ভিতরে ঢুকতে দিয়ে টু করে পাশ কাটিয়ে খোলা ফটক দিয়ে বাইরে বেরিয়ে পড়ল।
পা টিপে টিপে কোনও শব্দ না করে দুজন প্রহরীর নাকের সামনে দিয়ে কানাই বেরিয়ে এসে পৌঁছল একটা ঘোরানো সিঁড়ির মুখে।সেই সিঁড়ি দিয়ে সে উঠতে লাগল উপরে। নিঘাত এ সিঁড়ি ছাতে গিয়ে পৌঁছেছে।হ্যাঁ, কানাইয়ের আন্দাজে ভুল নেই। সিঁড়ি উঠে গিয়ে একটা দরজার মুখে পৌঁছেছে, সেই দরজা পেরোতেই কানাই দেখল সে ছাতে এসে পড়েছে।
পেল্লায় ছাত, এককোণে একটা ঘর। তাতে একটা জানলা। সেই জানলা দিয়ে দেখা যাচ্ছে একটা টিমটিমে আলো। ঘরের দরজার বাইরে বসে আছে একটা প্রহরী, তার মাথা হেঁট।অদৃশ্য কানাই এগিয়ে গেল প্রহরীর দিকে। যা আন্দাজ করেছিল তাই; প্রহরী মুখ হাঁ করে ঘুমোচ্ছে, তার নাক দিয়ে ঘড় ঘড় শব্দ বেরোচ্ছে।ঘরের দরজায় একটা বড় তালা ঝুলছে। বোধহয় তারই চাবি রয়েছে প্রহরীর কোমরে গোঁজা।
কানাই খুব সাবধানে প্রহরীর ঘুম না ভাঙিয়ে চাবিটা বার করে নিল। তারপর সেটা তালায় ঢুকিয়ে একটা প্যাঁচ দিতেই খুট করে তালা খুলে গেল। কী ভাগ্যি এই শব্দেও প্রহরীর ঘুম। ভাঙেনি।এবার দরজা খুলে অদৃশ্য কানাই ঘরের ভিতর ঢুকল। ঘরে একটা টেমি জ্বলছে, আর একটা খাটিয়ায় চোখে অবাক দৃষ্টি নিয়ে বসে আছে তারই বয়সি একটি ফুটফুটে ছেলে। ঘরের দরজা খুলল, অথচ কাউকে দেখা যাচ্ছে না, তাতে রাজকুমারের মুখ হাঁ হয়ে গেছে।
এ কি ভেলকি নাকি? দরজাটা ভেজিয়ে দিয়ে কানাই এবার খাটের দিকে ঘুরে ফিসফিস্ করে বলল, টক্কা!–আর অমনই তার চেহারা দেখা যাওয়াতে রাজকুমার আরও চমকে উঠে ফিসফিসিয়ে জিজ্ঞেস করল, তুমি কে? কোনও জাদুকর নাকি?ফিসফিসিয়েই কথা হল, যদিও প্রহরীর নাকডাকানি থেকে মনে হয় বাজ পড়লেও তার ঘুম ভাঙবে না।
কানাই রাজকুমারকে পুরো ব্যাপারটা খুলে বলল। রাজকুমার বলল, গাছের কথা তুমি বলছ বটে, কিন্তু সে গাছ তুমি পাবে কী করে? সে তত সহজে পাওয়া যাবে বলে মনে হয় না।কী করে পাব তা জানি না, বলল কানাই, কিন্তু গাছের পাতা আমার চাই-ই। শুধু আমার বাবার জন্য নয়; তোমাদের এখানে তাঁতিরা সব মরতে বসেছে। তাদের জন্য পাতা লাগবে। কম করে হাজার পাতা তো থাকবেই সে গাছে; তাতে হাজার লোকের প্রাণ বাঁচবে।
আমিও তো তাদের বাঁচাতে চাই, বলল রাজকুমার। বাবাকে আমি সে কথা বলেছিলাম। বাবা তাতেই আমাকে বন্দি করে রাখার হুকুম দিলেন। বাবা নিজের ছাড়া আর কারুর ভালও চান না। নিজের ভাল মানে যত বেশি টাকা আসে কোষাগারে ততই ভাল। ধর্মেকর্মে বাবার মতি নেই, প্রজাদের মঙ্গলের চিন্তা নেই, আমি যে তাঁর নিজের ছেলে, তার জন্যও মায়া-মমতা কিচ্ছু নেই।
কানাই বলল, আচ্ছা, তোমার বাবার গলার হারে একটা জাদুপান্না আছে, তাই না? তা তো বটেই। সাত বচ্ছর আগে এক সদাগর বাবাকে সেটা বেচে। সেই থেকে বাবার একটা দিনের জন্যও কোনও অসুখ হয়নি, আর বাবার অত্যাচারও বেড়ে গেছে তিনগুণ। এখানকার তাঁতিরা তাঁকে সিংহাসন থেকে সরাবার ফন্দি করেছিল। হয়তো তারা সে কাজে সফল হত, কিন্তু সেইসময়ই লাগে শুনাইয়ের মড়ক।
কানাই একটু ভেবে বলল, আচ্ছা, একটা কথা বলো দেখি। রাজামশাইয়ের শোয়ার ঘরটা কোথায়? আমি তো ইচ্ছা করলে অদৃশ্য হতে পারি। আমি যদি তার গলা থেকে হারটা খুলে নিয়ে আসি? রাজকুমার গম্ভীরভাবে মাথা নাড়ল।বাবার শোয়ার ঘর রাজপ্রাসাদের অন্দরমহলে। কিন্তু তার দরজায় প্রহরী ছাড়াও একটা ভয়ানক হিংস্র কুকুর পাহারা দেয়।
সে তোমাকে দেখতে না পেলেও তোমার গন্ধ পাবে, আর পেলেই চিৎকার শুরু করবে। না, ওভাবে হবে না। অন্য উপায় দেখতে হবে। যা করতে হবে দিনের বেলা।কানাই একটুক্ষণ চুপ করে ভেবে বলল, তোমাকে তো এবার পালাতে হবে। আমি যখন এসেই পড়েছি, তখন আর তুমি বন্দি থাকবে কেন? রাজবাড়ি ছাড়া তোমার কোনও ঠাঁই আছে? তা আছে, বলল রাজকুমার। তাঁতিদের মধ্যে আমার এক বন্ধু আছে, তার নাম গোপাল। তার এক বিধবা মা ছাড়া আর কেউ নেই।
আমার নিজের মা-কে হারিয়েছি আমি তিন বছর বয়সে। গোপালের মা-কে আমি নিজের মায়ের মতো ভালবাসি। বাবা গোপালের সঙ্গে মিশতে দেন না আমাকে; কিন্তু আজ যদি তার কাছে যাই, সে আমাকে ফিরিয়ে দেবে না।তার বাড়িতে কি দুজনের জায়গা হবে? হবে বইকী। তিনজনে এক ঘরে মাদুর পেতে শুয়ে থাকব। আমার খুব অভ্যাস আছে।তা হলে চলো, চাঁদের আলোয় বেরিয়ে পড়ি।কিন্তু ফটকে প্রহরী আছে যে? প্রহরী আমাদের কিছু করতে পারবে না।
তোমাকে পিঠে করে নিয়ে আমি ঝড়ের বেগে বেরিয়ে যাব। কেউ আমাদের নাগাল পাবে না।সত্যি বলছ? সত্যি। কিন্তু যে আমার এমন বন্ধুর কাজ করল, তার নামটা তো এখনও জানলাম না।আমার নাম কানাই।আর আমার নাম কিশোর।তবে চলো যাই এবার। ঘোরানো সিঁড়ি দিয়ে সোজা নেমে যাব।বেশ। নীচে সিঁড়ির মুখে দরজা পেরোলেই বাগান।সেইখান থেকেই দেব ছুট!
০৪.
গোপালদের বাড়ি তাঁতিপাড়ার এক প্রান্তে। সেখানে শুই রোগ এখনও পৌঁছয়নি, কিন্তু কবে এসে পৌঁছবে তার ঠিক কি? গোপালের মা সেই কথা ভেবে কানাই আর কিশোরকে বলেছিলেন, আমার এখানে থাকার বিপদটা কী তা জানো। সেটা ভেবেও কি তোমরা তিনজনে একসঙ্গে থাকতে চাও? তিনজনেই মাথা নেড়ে বলেছিল হ্যাঁ, তারা তাই চায়। সেই সঙ্গে কানাই বলেছিল, আপনি ভাববেন না। শুখনাই রোগের ওষুধ আছে রাজবাড়িতে। সে ওষুধ আমি জোগাড় করবই যে করে হোক। তা হলে আর কারুর ব্যারাম থাকবে না।
কিন্তু মুখে বলা এক, আর কাজে আরেক।তিনদিন কেটে গেল, তবু কাজ এগোলো না একটুও। আর মাত্র দুদিন আছে কানাইয়ের বাপ, তারপরেই তার আয়ু শেষ। এদিকে ঝিনুকেও আর কোনও কথা শোনা যায়নি। জগাইবাবা এমন চুপ কেন? এর মধ্যে অবিশ্যি আরও অনেক কাণ্ড ঘটে গেছে। কানাই আর রাজকুমার দুজনেই কয়েদি অবস্থা থেকে পালিয়েছে দেখে রাজবাড়িতে হুলস্থুল পড়ে গেছে।
এ জিনিস কেমন করে হয়? যে প্রহরী দুজন পাহারায় ছিল তাদের দুজনকেই শুলে চড়ানো হয়েছে। কানাই আর কিশোরকে ধরার জন্য শয়ে শয়ে সেপাই সারা রাজ্যে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। গোপাল তাঁতির সঙ্গে যে রাজকুমারের ভাব ছিল সেটা রাজা জানতেন, তাই গোপালের বাড়িতেও পেয়াদা পাঠিয়েছিলেন। ঠিক সেই সময় কানাই বুদ্ধি করে ফক্কা বলে অদৃশ্য হয়ে পেয়াদার হাত থেকে বল্লম টেনে নিয়ে তাকে ল্যাঙ মেরে ফেলে দিয়েছে; পেয়াদা এই ভেলকিতে ভড়কে গিয়ে দিয়েছে চম্পট।
তারপর থেকে গোপালের বাড়িতে আর কেউ আসেনি।আজ কানাই আর সবুর সইতে না পেরে কিশোরকে বলল, হ্যাঁ ভাই, সেই জাদুপান্না না সরাতে পারলে তো আর চলছে না। একবার একটু ভেবে বলল দেখি তোমার বাবা একা কখন থাকেন, তার কাছাকাছি যাবার সুযোগটা কখন পাওয়া যায়? কিশোর বলল, জাদুপান্না নিলেই যে সব গোল মিটে যাবে তেমন ভেবো না।
বরং উপকারের চেয়ে অপকার বেশি হতে পারে, বাবার রাগ সপ্তমে চড়ে যেতে পারে।কানাই বলল, তাও চেষ্টা করতে ক্ষতি কী? তুমি একবার একটু ভেবে বলো।কিছুক্ষণ চোখ বুজে ভেবে রাজকুমার বলল, একটা কথা মনে পড়েছে।কী কথা? বাবা রোজ ভোরে সূর্যোদয়ের সময় রাজবাড়ির অন্দরমহলের দিঘিতে স্নান করতে যান। সেই। সময় প্রহরী থাকে দূরে। বাবার কাছাকাছি কেউ থাকে না।
তবে আর কী! বলল কানাই, এই তো সুযোগ। কাল ভোরে আমি রাজবাড়ি যাব অদৃশ্য হয়ে। দেখি তোমার বাবার সঙ্গে দিঘিতে গিয়ে কিছু করা যায় কিনা।পরদিন সূর্য ওঠার আগেই কানাই ফক্কা বলে অদৃশ্য হয়ে ঝড়ের বেগে ছুটে রাজবাড়ি পৌঁছে দিঘির শ্বেতপাথরে বাঁধানো ঘাটের কাছেই একটা বকুল গাছের নীচে দাঁড়িয়ে রইল।
পুব আকাশে পদ্মের রঙ ধরেছে কিন্তু সূর্য তখনও ওঠেনি।কিছু পরে সূর্য ওঠার সঙ্গে-সঙ্গেই কানাই খট খট শব্দ শুনে বুঝল রাজা খড়ম পায়ে ঘাটে আসছেন।ওই যে রাজা! রাজার গা খালি। পরনে কেবল ধুতি আর কাঁধের উপর একটা রেশমের উত্তরীয়। উত্তরীয়টা ঘাটের পাশের বেদিতে রেখে রাজা খড়ম খুলে সিঁড়ির দিকে এগোলেন। গলার হারের পান্নাতে সূর্যের আলো পড়ে যেন তার থেকে আগুন বেরোচ্ছে।
এবার রাজা জলে নামলেন। কানাইও এগিয়ে গেল ঘাটের সিঁড়ির দিকে, তারপর ধীরে ধীরে সেও জলে নেমে রাজার সাত হাত দূরে গলা জলে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল।রাজা যেই ডুব দিলেন, অমনই কানাইও ত্ব দিয়ে সাঁতরে এগিয়ে এসে পলকের মধ্যে রাজার গলা থেকে হার খুলে নিয়ে আবার ডুব সাঁতার দিয়ে দিঘির উলটো পারে গিয়ে জল থেকে উঠল।ততক্ষণে রাজা দিশেহারা হয়ে জলে তাঁর হার খুঁজছেন আর প্রহরী, প্রহরী বলে ডাকছেন।
প্রহরী ছুটে এল। কী হল মহারাজ? এই সেই শয়তান রাঘব বোয়ালের কাজ। আমার গলা থেকে হার খুলে নিয়ে গেল। খবর দিয়ে দে। দরকার হলে দিঘির জল সেঁচতে হবে। আর আমার ফেরত চাই।ইতিমধ্যে অদৃশ্য কানাই হাতের মুঠোয় হার নিয়ে রাজবাড়ি থেকে বেরিয়ে এক ছুটে মুহূর্তের মধ্যে চলে এল একেবারে গোপালের বাড়ি। তারপর টক্কা বলে আবার নিজের চেহারায় ফিরে এসে রাজকুমারকে দেখিয়ে দিল যে তার কাজ সে করে এসেছে।
কিন্তু এর ফলে রাজার মধ্যে কোনও পরিবর্তন এল কিনা সেটা কী করে বোঝা যাবে? কানাইয়ের সে বুদ্ধিও মাথায় এসে গেছে। সে বলল, আমি কাল অদৃশ্য হয়ে রাজসভায় যাব। রাজার হাবভাব কীরকম সেটা দেখে আসব।তাই ঠিক হল, আর কানাই পরদিন রাজসভায় গিয়ে হাজির হল।সভাসদরা এসে গেছেন, কিন্তু রাজা তখনও আসেননি।কানাই পিছনের দিকে এক কোনায় চুপটি করে দাঁড়িয়ে এদিক-ওদিক দেখতে লাগল।সময় চলে যায়, কিন্তু রাজার দেখা নেই।
প্রায় আধঘণ্টা অপেক্ষার পর রাজামশাই এসে ঢুকলেন রাজসভায়।কিন্তু কই, রাজার চেহারায় ভালর দিকে পরিবর্তনের তো কোনও লক্ষণ নেই। চোখে তো সেই একই শয়তানের দৃষ্টি, কেবল ঠোঁটের কোণে বাঁকা হাসির বদলে আজ প্রচণ্ড রাগ।রাজা সিংহাসনে বসে চারিদিকে একবার লাল চোখে দেখে নিয়ে বললেন, আমার রাজ্যে মহা শয়তান এক জাদুকরের আবির্ভাব হয়েছে।
সে নিজে কয়েদখানা থেকে প্রহরীর চোখে ধুলো দিয়ে পালিয়েছে, আমার ছেলেকে বন্দিদশা থেকে মুক্তি দিয়েছে, আমার গলা থেকে আমার সাধের পান্নার হার খুলে নিয়েছে। গতকাল ভোরে দিঘিতে ডুব দেবার সময় এই ঘটনা ঘটে। আমি ভেবেছিলাম এ বোয়াল মাছের কাণ্ড, কিন্তু দিঘির জল সেঁচে সেই বোয়াল মাছকে ধরেও সে হার পাওয়া যায়নি। আজ থেকে শাসন হবে আরও দশগুণ কড়া। যতদিন সেই জাদুকর আর রাজকুমারকে খুঁজে না পাওয়া যায়, ততদিন হাটবাজার সব বন্ধ।
লোকে না খেয়ে মরে মরুক! এই ভীষণ কয়েকটা কথা বলে রাজা সিংহাসন ছেড়ে চলে গেলেন। কানাই একেবারে মুষড়ে। পড়ল। জাদুপান্না খুলে নিয়ে ফল আরও খারাপ হল। এখন কী উপায়? কানাই গোপালের বাড়ি ফিরে এল।তার কাছে সব শুনে-টুনে কিশোর আর গোপালের মুখও শুকিয়ে গেল। একে দেশে মড়ক, তার উপর রাজার এই মূর্তি! সারা দেশ তো ছারখার হয়ে যাবে।
কানাই তখন মনে মনে ভাবছে–আর একদিন মাত্র সময়। এই একদিনের মধ্যে চাঁদনির পাতা জোগাড় না হলে সে বাবাকে হারাবে।দূর থেকে ঢ্যাঁড়ার শব্দ শোনা যাচ্ছে। আর সেইসঙ্গে ঘোষণা। আজ থেকে বাজারে কেনাবেচা বন্ধ। সেইসঙ্গে এও ঘোষণা হচ্ছে যে, রাজকুমার আর জাদুকরকে যে ধরে দিতে পারবে তাকে এক সহস্র স্বর্ণমুদ্রা দেওয়া হবে। ঢ্যাঁড়ার দুম দুম্ শব্দ ক্রমে এদিকে এগিয়ে আসছে। তাঁতিপাড়াতেও ঘোষণা হবে।
এই ডামাডোলের মধ্যে কানাই হঠাৎ চমকে উঠল।তার নাম ধরে কে ডাকে ক্ষীণ স্বরে? সে তৎক্ষণাৎ ট্যাঁক থেকে ঝিনুক বার করে কানে দিল। পরিষ্কার শোনা গেল জগাইবাবার কথা।শোন কানাই, মন দিয়ে কাজের কথা শোন। কাল সকালে এক প্রহরে তুই যাবি রাজবাড়ির অন্দরমহলের বাগানের ঈশান কোণে। সেই কোণে জলে ঘেরা একটা ছোট্ট দ্বীপে চাঁদনি গাছ পোঁতা আছে। সেই গাছ তোকে উদ্ধার করতে হবে।
কী করে জগাইবাবা? সেটা হবে তোর নিজের বুদ্ধি আর সাহসের জোরে। কাজটা সহজ নয়। বুঝলি? বুঝলাম, কিন্তু— কিন্তু কী? হলদে ফলের গুণ কী সেটা তো বললেন না।এখন মনে পড়েনি। পড়লে বলব। আগে তোর বাপকে বাঁচাবার ব্যবস্থা কর। তার প্রায় শেষ অবস্থা। তবে পাতার রস খেলেই সে চাঙ্গা হয়ে উঠবে। আসি।ঝিনুকের মধ্যে আবার সমুদ্রের গর্জন।কানাই সব ঘটনা বলল কিশোর আর গোপালকে। কাল এক প্রহর, সব শেষে বলল কানাই। কালই এসপার, নয় ওসপার।
০৫.
জগাইবাবার নির্দেশমতো কানাই সকাল থেকেই অদৃশ্য হয়ে বাগানে হাজির হল। তারপর বাগানের ঈশান কোণে গিয়ে যা দেখল তাতে তার চক্ষুস্থির। একটা ছোট্ট দ্বীপে চাঁদনি গাছটা পোঁতা রয়েছে ঠিকই, কিন্তু এই এক-মানুষ উঁচু গাছটার গোড়ায় পেঁচিয়ে আছে একটা শঙ্খচূড় সাপ, যার এক ছোবলেই একটা মানুষ পায় অক্কা।
আর দ্বীপটাকে ঘিরে আছে একটা পাঁচ হাত চওড়া পরিখা, তাতে কিলবিল করছে পাঁচ-সাতটা কুমির। কানাই যখন পৌঁছল তখন সেই কুমিরগুলোর দিকে কোলা ব্যাঙ ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে একটা লোক আর সেগুলো কপ কপ করে গিলে খাচ্ছে কুমিরগুলো। একটা ব্যাঙ সাপটার দিকেও ছুঁড়ে দেওয়া হল, আর সেটা তক্ষুনি সে মুখে পুরে গিলতে আরম্ভ করল।
খাওয়া শেষ হলে কানাই দুগ্না বলে কাজে লেগে গেল। আজই শেষ দিন, আজ তাকে যে করে হোক চাঁদনির পাতা জোগাড় করতেই হবে।বাগানের একপাশে পাঁচিলের ধারে কিছু বাঁশ পড়ে আছে। অদৃশ্য কানাই তার থেকে দুটো বাঁশ নিয়ে সেগুলোকে পরিখার পাঁচিলে এমনভাবে শুইয়ে রাখল যে, বাঁশের অন্য দিক দ্বীপের উপর গিয়ে পড়ে। ফলে বেশ একটা সেতু তৈরি হয়ে গেল কুমির বাঁচিয়ে দ্বীপে যাবার জন্য। কিন্তু সাপের কী হবে? তার জন্য চাই অস্ত্র।
কানাই বাগানের ফটকে গিয়ে দেখল সেখানে হাতে ঢাল-তলোয়ার নিয়ে একটা সেপাই দাঁড়িয়ে আছে। অদৃশ্য কানাই তার হাত থেকে একটানে তলোয়ারটা বার করে নিল। তারপর সেপাইকে হতভম্ব করে দিয়ে শুন্য দিয়ে সে তলোয়ার নিয়ে বাঁশের সেতুর উপর দিয়ে দ্বীপে পৌঁছে এক কোপে শঙ্খচূড়ের মাথা শরীর থেকে আলগা করে দিল।
তারপর তলোয়ারটাকে পরিখার জলে ফেলে অদৃশ্য কানাই এক হ্যাঁচকায় শেকড়সুদ্ধ চাঁদনি গাছটাকে তুলে সেতু পেরিয়ে এসে ঝড়ের বেগে চলে এল গোপালের বাড়ি। তারপর টা বলে সে নিজের চেহারায় ফিরে এল।গোপাল কানাইয়ের হাতে গাছ দেখে চেঁচিয়ে উঠল, চলো যাই ঘরে ঘরে পাতা বিলিয়ে আসি।তাই যাও, বলল কানাই। তবে একটা পাতা আমি নিচ্ছি। আমি আবার ফিরে আসব বিকেল পড়তে না পড়তেই। আজই শেষ দিন; আজ আমার বাবাকে বাঁচাবার শেষ সুযোগ।
তীরের বেগে দেখতে দেখতে নন্দীগ্রামে তার বাড়িতে পৌঁছে গেল কানাই। বাবা বিছানায় পড়ে আছে, তার শরীরের প্রত্যেকটি হাড় গোনা যায়। কানাই এলি? ক্ষীণ স্বরে জিজ্ঞেস করল বলরাম কৃষক।কানাই তখন পাতার রস বার করতে শুরু করছে। বেগুনি পাতার বেগুনি রস।এই নাও বাবা, খেয়ে নাও।কোনওমতে ঘাড় উঁচু করে রস খেয়ে আঃ বলে একটা আরামের নিশ্বাস ফেলে আবার বালিশে মাথা দিল বলরাম।
আর তার পরমুহূর্তেই তার ঠোঁটের কোণে হাসি দেখা দিল। অনেক আরাম বোধ করছি রে কানাই! তুই আমাকে বাঁচালি এ-যাত্রা।কানাই বাবাকে বলল তার একবার রূপসা যেতে হবে, সেখানকার খবর নেওয়া দরকার। কাজ সেরেই সে আবার ফিরে আসবে।তা যা, বলল বলরাম, তবে যাবার আগে কিছু ফল আর এক বাটি দুধ রেখে যাস খাটের পাশে। মনে হচ্ছে খিদে পাবে।কানাই বাবার ফরমাশ পালন করে রূপসা গিয়ে হাজির হল।
শহরের চেহারাই বদলে গেছে। তাঁতিপাড়ায় ঘরে ঘরে হাসিমুখ দেখতে দেখতে কানাই পৌঁছল গোপালের বাড়ি। কিশোরও রয়েছে সেখানে, কিন্তু তার মুখ গম্ভীর।কী ভাবছ কিশোর? জিজ্ঞেস করল কানাই।ভাবছি বাবার কথা, বলল কিশোর। বাবারও ব্যারাম হয়েছে।অ্যাঁ, সে কী? কী করে জানলে? ঢ্যাঁড়া পিটিয়ে গেল। বলল রাজার অসুখ; রাজা আমাকে দেখতে চায়। আমি যেখানেই থাকি যেন গিয়ে তার সঙ্গে দেখা করি।ব্যারাম মানে কী ব্যারাম? জিজ্ঞেস করল কানাই।
শুখ্নাই। তাঁতির যা অসুখ; তোমার বাপের যা অসুখ, বাবারও সেই অসুখ। আর তার একমাত্র ওষুধ এখন আমাদের কাছে।তা বেশ তো, বলল কানাই, সে ওষুধ তাকে দাও, কিন্তু একটা শর্তে।কী শর্ত? তিনি যেন রোগ সারলেই রাজকার্য ছেড়ে তীর্থে যান। আর তাঁর জায়গায় তুমি বসো সিংহাসনে।আমিও তাই ভাবছিলাম, বলল কিশোর। একটা কথা বলব? হঠাৎ বলে উঠল গোপাল তাঁতি।
কী কথা ভাই? জিজ্ঞেস করল কিশোর।তুমি রাজা হলে আমায় একটা নতুন তাঁত দেবে? যেটা আছে সেটা আমার ঠাকুরদাদার। তাতে ভাল বোনা যায় না।নিশ্চয়ই দেব, বলল কিশোর। তুমি হবে তাঁতির সেরা তাঁতি। তোমার বোনা কাপড় পরে আমি সিংহাসনে বসব। তারপর কানাইয়ের দিকে ফিরে বলল, চলো যাই বাবার কাছে।
কানাইয়ের পিঠে চড়ে এক মুহূর্তে প্রাসাদের অন্দরমহলে পৌঁছে গেল কিশোর। রাজবাড়িতে শোকের ছায়া পড়েছে। রাজার অসুখের একমাত্র ওষুধ চাঁদনি পাতা ভেলকির বশে রাজার উদ্যান থেকে উধাও হয়ে গেছে। আর বিশ দিন মাত্র আয়ু তাঁর।রাজার শোয়ার ঘরের বাইরে প্রহরী কিশোর আর কানাইকে দেখে চমকে উঠল, কিন্তু তাদের কোনও বাধা দিল না। কিশোর আর কানাই সোজা গিয়ে ঢুকল রাজার ঘরে।
রাজা শয্যা নিয়েছেন, পাশে রাজ কবিরাজ মাথায় হাত দিয়ে বসে রাজার প্রশ্নের উত্তরে বলছেন। আর কোনও জায়গায় চাঁদনি গাছ নেই, আর এ-রোগের আর কোনও চিকিৎসাও নেই।ঠিক সেই সময় গিয়ে উপস্থিত হল কিশোর আর কানাই।তুই এলি! ছেলেকে দেখে কাতর কণ্ঠে বলে উঠলেন রাজা। তবে তোর সঙ্গে এ কেন? এ যে পিশাচসিদ্ধ জাদুকর।না বাবা, বলল কিশোর। এ হল রূপসার ভবিষ্যৎ মন্ত্রী।
অ্যাঁ! হ্যাঁ বাবা। আমি সঙ্গে করে তোমার ওষুধ এনেছি। এই ওষুধ তোমাকে দেব, যদি কথা দাও যে অসুখ সারলেই তীর্থে চলে যাবে চিরকালের মতো! তা কেন দেব না কথা, বললেন রাজা, যত নষ্টের গোড়া ছিল ওই জাদুপান্না, যদিও রোগের হাত থেকে ওটাই আমাকে এতদিন রক্ষা করেছে। সেই পান্না যাবার পর থেকেই আমার দেহে আর মনে পরিবর্তন শুরু হয়েছে। আমি বুঝেছি কত ভুল করেছি। আমি যাব তীর্থে, আর তুই বসবি আমার জায়গায় সিংহাসনে। রূপসার গৌরব ফিরিয়ে আনবি। লোকে ধন্য ধন্য করবে।
রাজকুমার এবার তার হাতের মুঠো খুলে ধরল বাপের সামনে। সেই মুঠোয় চাঁদনির বেগুনি পাতা, তার সৌরভে রাজার শয়নকক্ষ ভরপুর হয়ে গেল।রাজা সেরে উঠলেন একদিনেই।তিনদিন পরে যুবরাজের অভিষেক হল। রাজা নিজে তার হাত ধরে সিংহাসনে বসিয়ে দিলেন ছেলেকে, তার পরনে গোপালের তৈরি পোশাক। তারপর কিশোর কানাইকে বসিয়ে দিল মন্ত্রীর আসনে।
ইতিমধ্যে কানাই নন্দীগ্রামে গিয়ে তার বাবাকে নিয়ে এসেছে, কিশোর বলরামকে থাকবার ঘর দিয়েছে, তার খাওয়া-পরার ব্যবস্থা করে দিয়েছে।চারদিকে শাঁখ বাজছে, রোশনচৌকিতে সানাই বাজছে, তারই মধ্যে মন্ত্রীর আসনে বসে কানাই শুনতে পেল জগাইবাবার ডাক।কানাই! কানাই! কানাই!কানাই রাজসভার মধ্যেই ট্যাঁক থেকে ঝিনুক বার করে কানে দিল। খ্যান খ্যান করে শোনা গেল জগাইবাবার কথা।
তোর তো আস্পর্ধা কম না–তোর বিদ্যেবুদ্ধি নেই, তুই রূপসার মন্ত্রীর আসনে বসেছিস? কী করব জগাইবাবা, মনে মনে বলল কানাই, আমি কি আর নিজে থেকে বসেছি?–এরা আমায় বসিয়েছে।তবে শোন বলি, এল জগাইবাবার কথা। অ্যাদ্দিনে মনে পড়েছে। সেই হলদে ফলটা আছে তো?হ্যাঁ হ্যাঁ, আছে! এইবার সেইটে খেয়ে নে। সেটা খেলে তোর বিদ্যেবুদ্ধি হাজার গুণ বেড়ে যাবে।
মন্ত্রীগিরি কীভাবে করতে হয়, রাজাকে মন্ত্রণা কীভাবে দিতে হয়, দেশের মঙ্গল কীসে হয়, দুষ্টের দমন শিষ্টের পালন কাকে বলে–সব জানতে পারবি। তখন আর তোকে বেমানান লাগবে না, কেউ বলবে না তুই বামন হয়ে চাঁদে হাত দিতে গেছিস। বুঝেছিস? বুঝেছি জগাইবাবা, বুঝেছি।তা হলে আসি।ঝিনুকে আবার সমুদ্রের গর্জন।কানাই ঝিনুকটা আবার ট্যাঁকে খুঁজে তার পাশ থেকে হলদে ফলটা বার করে মুখে পুরল।
সন্দেশ, ফান, চৈত্র ১৩৯২
( সমাপ্ত )
Read more
