কুহক পর্ব – ৭ হুমায়ূন আহমেদ

কুহক পর্ব – ৭

দীপা কী করবেন বুঝতে পারলেন না। নিশানাথ বাবুকে হাসপাতালে পাঠাতে তার মন সরছে না। হাসপাতালে তাঁকে কে দেখবে? শরীরের এই অবস্থায় যতটুকু সেবা-যত্ন দরকার হাসপাতাল তার কতটা করবে? তাঁর পক্ষে বেশি সময় দেওয়া সম্ভব নয়, তাছাড়া তিনি হাসপাতাল সহ্য করতে পারেন না। হাসপাতালে পা দিলেই বমি-বমি ভাব হয়। বাসায় ফিরেও তা কাটতে চায় না।

মহসিনের সঙ্গে পুরো ব্যাপারটা নিয়ে আলাপ করা দরকার। তাকে ইদানীং পাওয়াই যাচ্ছে না। কী নিয়ে যেন খুব ব্যস্ত। মাঝে মাঝে এমনও হয় বাড়ি ফিরতে পারে না। কোনো একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে। মহসিনের চিন্তিত মুখ দেখেই তা বোঝা যায়। ব্যবসাসংক্রান্ত কোনো জটিলতা হবে। দীপা প্রায়ই ভাবেন জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করা হয়ে ওঠে না। মহসিনের ব্যবসার ব্যাপারে কোনো কৌতূহল দেখাতে তাঁর ভালো লাগে না।

আজ মহসিন সাহেব সন্ধ্যার আগেই ফিরলেন। তার মুখ শুকনো–তাঁকে খুব চিন্তিত মনে হচ্ছে। দীপা দায়ের কাপ নিয়ে যেতেই বললেন, আজ আমাকে সকাল সকাল ভাত দিতে পারবে? দীপা বললেন, কেন পারব না। কটার সময় ভাত চাও? এই ধর–সাতটা সাড়ে-সাতটা।কোথাও যাবে?

হুঁ।দীপা পাশেই দাঁড়িয়ে আছেন। অথচ মহসিন তাঁকে ঠিক লক্ষ করছেন বলে মনে হচ্ছে না। কেমন যেন অন্যমনস্ক।দীপা।বল।আমি আজ বাসায় না ফিরতে পারি। যদি দেখ এগারোটার মধ্যে ফিরছি না, তাহলে দারোয়ানকে গেট বন্ধ করে দিতে বলবে।আচ্ছা।মহসিন চায়ের কাপে চুমুক দিতে দিতে হালকা গলায় বললেন, তোমার ডাক্তার বোন এ-বাড়িতে অনেক দিন আসে না। ব্যাপার কি বল তো?

ব্যাপার আবার কি? নিশ্চয়ই কাজ নিয়ে ব্যস্ত।কোনো কিছু নিয়ে রাগটাগ করে নি তো? দীপা বিস্মিত হয়ে বললেন, রাগ করবে কেন? তৃণা রাগ করার মতো মেয়ে না। তার মধ্যে এই সব দ্রুতা নেই। হঠাৎ তৃণার কথা উঠল কেন? এমি। অনেক দিন ওকে দেখি না।আচ্ছা, ওকে আসতে বলব। নিশানাথ চাচার শরীরের অবস্থা নিয়েও ওর সঙ্গে কথা বলা দরকার।ওঁর শরীর কি আবার খারাপ হয়েছে?

হুঁ। আজ তো খুব ভয়ই পেয়ে গিয়েছিলাম। ডাক্তার সাহেব বললেন, হাসপাতালে নিয়ে যেতে– ডাক্তার বললে তাই কর। তবে এই সব করে কিছু হবে বলে মনে হয় না। তাঁর যা হয়েছে তার নাম মৃত্যু রোগ। ভালো হবে আবার খারাপ হবে আবার একটু ভালো হবে, চলতেই থাকবে–আনটিল দ্য ফাইনাল সল্যুশন… দীপা দীর্ঘনিঃশ্বাস ফেললেন। কেউ এত সহজ ভঙ্গিতে মৃত্যুর কথা বললে তার ভালো লাগে না। মৃত্যু একটি ভয়াবহ ব্যাপার। সেই মৃত্যু নিয়ে এমনভাবে কথা বলা উচিত নয়।

মহসিন চলে যাবার পরপরই দীপা তৃণাকে টেলিফোন করলেন। তৃণার স্বভাব হচ্ছে টেলিফোন ধরেই হড়হড় করে একগাদা কথা বলা। অন্য কে কী বলছে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তুফান মেইলে নিজের সব কথা বলে শেষ করে এক সময় নিঃশ্বাস ফেলে বলবে তারপর আপা, কেমন আছ? সেই প্রশ্নের উত্তরও সে ভালোমতো না শুনেই বলবে, আপা এখন রাখি, কেমন? কারো অসুখবিসুখ নেই তো? খোদা হাফেজ।

আজও তৃণা টেলিফোন তুলেই হড়হড় করে কথা বলে যাচ্ছে, আপা আমি জানি তুমি আমার উপর খুব রাগ করেছ। গত পনেরো দিনে এক বারও তোমাদের খোঁজখবর জিই নি। যা ব্যস্ত ছিলাম বলার না। দুটা সেমিনার হয়েছে। একটা এপিলেন্সির উপর, অন্যটা সাইকেডেলিক ড্রাগ। দুটাই খুব ইন্টারেস্টিং সেমিনার। এত ইন্টারেস্টিং হবে জানলে তোমাকে জোর করে নিয়ে যেতাম। এক আমেরিকান প্রফেসর এসেছিলেন–প্রায় সত্তুরের মতো বয়স–প্রফেসর বার্ন। আমাকে কী বললেন জান?

খুব গম্ভীর গলায় বললেন–মিস তৃণা, আমি কি তোমার সঙ্গে অল্প কিছুক্ষণের জন্যে হলেও প্রেম প্রেম গলায় কথা বলতে পারি? এরা কেমন রসিক, দেখলে আপা? দীপা কোনো রকমে তাকে থামিয়ে বলল, তুই কি আমার এখানে আসতে পারবি?অবশ্যই পারব। কখন আসব–এখন? কাল সকালে এলেও হবে। নিশানাথ চাচার ব্যাপারে তোর সঙ্গে পরামর্শ করব।ওঁর অসুখ কি আরো বেড়েছে?

হুঁ। কি সব আজেবাজে কথা বলে মানুষের মনের কথা বুঝতে পারে, জীবজন্তুর কথা বুঝতে পারে– ব্রেইন সেলের ডিজেনারেশন হচ্ছে আর কিছু না। আমি সকাল বেলায় চলে আসব। তবে আমাকে দিয়ে তো কিছু হবে না আপা। আমি হচ্ছি ছোট ডাক্তার হাতের কাছের ডাক্তার সব সময়ই ছোট। যে ডাক্তার অনেক দূরে, তাকেই মনে হয় অনেক বড়।

মাঝে মাঝে তুমি ফিলসফির টিচারের মতো কথা বল, আপা।ফিলসফির টিচাররা এমন করে কথা বলে, তা তো জানতাম না।আমি তাহলে রাখি আপা খোদা হাফেজ।–দুলাভাই ভালো আছেন তো? হ্যাঁ, ও ভালোই আছে,–ও তোর কথা আজ বলছিল— কি বলছিলেন?

অনেক দিন তোর সঙ্গে দেখা হয় না–তুই রাগ করেছি কিনা এই সব।তৃণা বিস্মিত গলায় বলল, গতকালই তো দুলাভাইয়ের সঙ্গে দেখা হল। রোববারেও দেখা হয়েছে।তাই নাকি! তা হলে হয়তো ভুলে গেছে।দুলাভাইকে একটু দাও তো কথা বলি।ও বাসায় নেই।কখন ফিরবেন?

রাত এগারোটার দিকে ফিরতে পারে। আবার নাও ফিরতে পারে।নাও ফিরতে পারে মানে? রাতে কোথায় থাকবেন? তা তো জানি না। ব্যবসাট্যাবসা নিয়ে কী সব সমস্যা যাচ্ছে।তৃণা গম্ভীর গলায় বলল, দুলাভাই যদি এগারোটার মধ্যে ফেরেন তাহলে বলবে আমাকে টেলিফোন করতে।আচ্ছা।

কাল তোমার সঙ্গে দেখা হবে আপা। খোদা হাফেজ।মহসিন রাত এগারোটার মধ্যে ফিরলেন না। দারোয়ানকে গেটে তালা লাগিয়ে দিতে বলে দীপা শেষবারের মতো নিশানাথ বাবুর খোঁজ নিতে গেলেন।নিশানাথ চাদর গায়ে দিব্যি ভালেমানুষের মতো বসে আছেন। হাতে স্যুপের বাটি। চামচ দিয়ে স্যুপ তুলে মুখে দিচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে খুব আনন্দে আছেন।চাচা, শরীরটা কি এখন ভালো লাগছে?

হ্যাঁ মা। তবে ঘুম-ঘুম ভাব এখনো আছে। স্যুপ খেয়ে আবার শুয়ে পড়ব।সলিড কিছু খাবেন? ভাত-মাছ? খুব ভালো পাঙ্গাশ মাছ ছিল।না মা। দাঁত নেই তো তরল খাবার ছাড়া অন্য কিছু খেতে পারি না। গলায় আটকে যায়।স্যুপটা কি খেতে ভালো হয়েছে?

খুবই ভালো হয়েছে। অতি উত্তম হয়েছে।কাল তৃণা আসবে। ওর সঙ্গে কথা বলে ঠিক করব আপনাকে হাসপাতালে ভর্তি করব কি করব না। ডাক্তার সাহেব হাসপাতালে নেবার কথা বলছিলেন।বলুক। আমি এখানেই থাকব। বেশি দিন বাঁচব না, মা। খুব বেশি হলে এক সপ্তাহ। এই এক সপ্তাহ নিজের ঘরটায় থাকি। পরিচিত জায়গায় মরার একটা আলাদা আনন্দ আছে, মা।

দীপা কিছু বললেন না। কিয়ে রইলেন। কী কুৎসিত দেখাচ্ছে মানুষটাকে, দাঁত নেই, চুললেই, সমস্ত গা ফুলে কী হয়েছে। অথচ এই মানুষের ভেতরটা যে কত সুন্দর তা তাঁর মতো ভালো কেউ জানে না।দীপা।জ্বি চাচা।তোমার কাছে আমার অনেক ঋণ। ঋণ নিয়ে মরতে ভালো লাগে না। তবে তোমার ঋণের জন্যে আমার খারাপ লাগছে না। দেবী অংশে তোমার জন্ম। দেবীদের কাছে ঋণী থাকা দোষের না।কথা ঘোরাবার জন্যে দীপা বললেন, খাওয়ার পর কি আমি আপনার জন্যে এক কাপ গরম কফি আনব? আন।

কফি এনে দীপা দেখলেন চাদর মুড়ি দিয়ে নিশানাথ বাবু ঘুমিয়ে পড়েছেন। দীপা তাঁকে জাগালেন না। অসুস্থ বৃদ্ধ মানুষটির জন্যে তাঁর চোখ ভিজে উঠল।তৃণাকে ডাক্তারের এ্যাপ্রনে সুন্দর দেখাচ্ছে। সাদা রঙের গাম্ভীর্য তার চেহারাতেও পড়েছে। তাকে এখন বেশ গম্ভীর দেখাচ্ছে, তবে ছেলেমানুষি পুরোপুরি কাটাতে পারছে না। নিশানাথের কথাবার্তা যদিও সে বিচক্ষণ ভঙ্গি করে শুনছে, তবু বারবার হাসি আসছে।

অনেক কষ্টে সে হাসি সামলাচ্ছে। ঘরে আর কেউ নেই। দীপা বাচ্চাদের স্কুলে পাঠানোর প্রস্তুতিতে ব্যস্ত। তৃণাকে বলে গেছেন নিশানাথবাবুর সঙ্গে কথাবার্তা বলে ব্যাপারটা বুঝতে। তৃণার ধারণা বোঝাবুঝির কিছুই নেই। লোকটির মাথা এলোমেলো হয়ে গেছে। এই বয়সে তা অস্বাভাবিকও নয়। মাথা ঠিক থাকলেই বরং অস্বাভাবিক হত।

নিশানাথ বললেন, মা, তোমার কাছে বোধ হয় খুব অবাক লাগছে। তবে ব্যাপারটা সত্যি। আমি মানুষের মাথার ভেতর চলে যেতে পারি।তৃণা মনে মনে বলল, মাথার ভেতরে কীভাবে যান? নাকের ফুটো দিয়ে ঢেকেন? নাকি কানের ফুটো দিয়ে। তার ইচ্ছা করছে মনে মনে না বলে শব্দ করেই বলতে। সে তা বলছে না, কারণ অসুস্থ মানুষকে রাগিয়ে দিয়ে লাভ নেই।

তুমি কি আমার কথা বিশ্বাস করছ? করছি। করব না কেন? আপনি কেন শুধু শুধু আমার সঙ্গে মিথ্যা কথা বলবেন? আমি ইচ্ছা করলে তোমার মাথার ভেতরও ঢুকে যেতে পারি তুমি কী ভাবছ এইসব বলে দিতে পারি।তৃণা কপট আতঙ্কের ভঙ্গি করে বলল, প্লিজ, এটা করবেন না। আমি অনেক আজেবাজে জিনিস ভাবি। আপনি জেনে ফেললে লজ্জার ব্যাপার হবে।

নিশানাথ বললেন, এটা খুব খাঁটি কথা বলেছ মা। বিনা অনুমতিতে অন্যের মাথায় ঢাকা উচিত না। খুবই গৰ্হিত কাজ। এই জন্যেই এখন আর সহজে কারো মাথায় ঢুকতে চাই না।তৃণা অনেক কষ্টে হাসি চেপে রেখে গম্ভীর মুখে বলল, অন্য সমস্যাও আছে। হয়তো কারো মাথায় ঢুকলেন, তারপর আর বেরুতে পারলেন না।সারা জীবনের জন্যে আটকা পড়ে থাকতে হল। কী অদ্ভুত অবস্থা! আপনার শরীরটা চাদর গায়ে দিয়ে বিছানায় শুয়ে আছে, আর আপনি আটকা পড়ে আছেন অন্য এক জনের মাথায়। হতে পারে না এরকম?

নিশানাথ বাবু ভ্রু কুঁচকে তাকালেন। তাঁর মনে হল এই চমৎকার মেয়েটা তাঁকে নিয়ে মজা করার চেষ্টা করছে। তার মনটাই খারাপ হয়ে গেল। এক বার ইচ্ছা করল মেয়েটার মাথায় ঢুকে গোপন কিছু তথ্য জেনে নিয়ে মেয়েটাকে চমকে দেবেন। পরমুহূর্তেই চিন্তাটা বাতিল করে দিলেন।এটা উচিত না খুবই গৰ্হিত কাজ।তৃণা বলল, মানুষের মাথায় ঢোকা ছাড়া আর কিছু কি পারেন?

খুব ভালো চিন্তা করতে পারি। যেমন অঙ্ক মানসাঙ্ক চট করে করে ফেলতে পারি। বড়ো বড়ো ভাগ, গুণ, বৰ্গমূল খাতা-পেনসিল কিছুই লাগে না।বাহ্, খুব মজা তো।তুমি পরীক্ষা করে দেখ। একটা বিরাট ভাগ অঙ্ক দাও দেখ, কেমন চট করে উত্তর বলে দেব।আপনাকে কষ্ট করতে হবে না। আমি আপনার সব কথা বিশ্বাস করছি।না, তুমি বিশ্বাস করছ না, দাও একটা অঙ্ক–

তৃণা খানিকটা বিরক্তিনিয়েই বলল, আপনার যখন এতই ইচ্ছা, তাহলে বাইশকে সাত দিয়ে ভাগ দিন। ভাগফলটা আমাকে বলুন।নিশানাথ বললেন, উত্তর হচ্ছে–তিন দশমিক এক চার, দুই, আই, পাঁচ, সাত, এক, দুই, চার, চার, নয়, আট, সাত, তিন, দুই, আট, তিন, এক– এই পর্যন্ত বলেই নিশানাথ থেমে গেলেন। তৃণা বলল, থামলেন কেন? নিশানাথ ক্লান্ত গলায় বললেন, এর উত্তর মিলবে না–অনন্ত কাল ধরে চলতেই থাকবে।আপনি কি তা আগেই জানতেন, না এখন টের পেলেন?

এখন টের পেলাম। আগে জানতাম না।তৃণা এখন খানিকটা আগ্রহ বোধ করছে, যদিও নিশানাথ বাবুর কথা সে ঠিক বিশ্বাস করছে না। পাইয়ের মান যে মানুষের অজানা তা অনেকেই জানে। হয়তো নিশানাথ বাবুও জানেন।তৃণা বলল, আচ্ছা বলুন তো–আমার এই হাতব্যাগে কী আছে? নিশানাথ বিস্মিত গলায় বললেন, এটা কী করে বলব? আমি তোমার মাথার ভেতর ঢুকতে পারি কিন্তু ব্যাগের ভেতর তো ঢুকতে পারি না।

তৃণা এইবার ফিক করে হেসে ফেলল। অবশ্যি প্রায় সঙ্গে সঙ্গে মুখ থেকে হাসির রেখা মুছে ফেলে গম্ভীর গলায় বলল, আমি ভেবেছিলাম, যে মানুষের মাথায় ঢুকতে পারে, সে সব জায়গাতেই ঢুকতে পারে।এটা ঠিক না। মানুষের মন বেতারতরঙ্গের মতো। বেতারতরঙ্গ ধরতে রেডিও সেট লাগে। মানুষের মাথা হচ্ছে সে রকম সেট-রিসিভিং স্টেশন। পশু, কীটপতঙ্গ এরাও এক ধরনের রিসিভিং সেট, তবে খুব দুর্বল।আপনার কথা শুনে খুব ভালো লাগল, এখন তাহলে উঠি।উঠবে?

হ্যাঁ। আমাকে এগারোটার মধ্যে হাসপাতালে যেতে হবে।ও আচ্ছা। ঠিক আছে মা–তাহলে যাও।আমার তো মনে হচ্ছে এখন আপনার শরীর বেশ ভালো।হ্যাঁ ভালো। সারা দিনে কিছুটা সময় ভালো থাকে–আবার খারাপ হয়। বিশেষ করে সন্ধ্যার দিকে খুব খারাপ হয়।

আপনি আজেবাজে জিনিসযেমন মানুষের মাথার ভেতর ঢোকা এইসব নিয়ে একেবারেই চিন্তা করবেন না। প্রচুর রেস্ট নেবেন। খাওয়াদাওয়া করবেন। আমি এখন থেকে এক দিন পরপর আপনাকে এসে দেখে যাব।তৃণা দরজা পর্যন্ত গিয়েছে, নিশানাথ ডাকলেন, মা, এক মিনিট দাঁড়াও।তৃণা থমকে দাঁড়াল। নিশানাথ বললেন, এখন আমি তোমার ব্যাগে কী আছে বলতে পারব। তোমার সঙ্গে কথা বলতে-বলতে অন্যমনস্ক হয়ে তোমার মাথায় ঢুকে পড়েছিলাম। ঢোকামাত্র বুঝতে পারলাম।কী বুঝতে পারলেন?

বুঝলাম যে তোমার ব্যাগে অনেক কিছুই আছে, তবে সে সব তেমন গুরুত্বপূর্ণ কিছু না। লিপস্টিক, চুলের কাঁটা, একটা চিরুনি, একটা রুমাল।এসব তো সব মেয়ের ব্যাগেই থাকে।হ্যাঁ, তা থাকে। এই জন্যেই তো বলছি গুরুত্বপূর্ণ কিছু না। তবে একটা জিনিস আছে, যা নিয়ে তুমি খুব চিন্তিত।

একটা খামে বন্ধ চিঠি। এই চিঠি তুমি এক জনকে দেবে। তার নাম হারুন। চিঠিটা তুমি অনেক দিন আগেই লিখে রেখেছ–দিতে পারছ না। আজ ঠিক করে রেখেছ, যে করেই হোক তুমি তাকে চিঠিটা দেবে।তৃণা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। পুরো ব্যাপারটা তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। নিশানাথ সহজ গলায় বললেন, চিঠির বিষয়বস্তুও আমি জানি।কী জানেন?

এক সময় এই ছেলেটিকে তুমি খুব পছন্দ করতে। তোমরা দুজন বিয়ে করবে, এ রকম পরিকল্পনা করে রেখেছ। কিন্তু এখন আর ছেলেটিকে তোমার পছন্দ না। মুখ ফুটে বলতে পারছ না বলে চিঠি লিখেছ।তৃণা ক্ষীণ স্বরে বলল, আপনি তাহলে সত্যি সত্যি মানুষের মাথায় ঢুকতে পারেন?

হ্যাঁ পারি।অবিশ্বাস্য ব্যাপার।নিশানাথ দুঃখিত গলায় বললেন, মানুষের মাথায় ঢাকার ব্যাপারটা অন্যায়। খুবই অন্যায়। খুবই গৰ্হিত কাজ। তুমি কিছু মনে কর না তৃণা।না, আমি কিছু মনে করি নি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না–যদিও জানি আপনার ক্ষমতাটা সর্তি। এর মধ্যে কোনো ভুল নেই। আমি আরেকটু বসি আপনার সঙ্গে?

বস।আপনার খবর প্রকাশিত হলে মেডিকেল সায়েন্সের জগতে কী রকম হৈচৈ শুরু হয়ে যাবে, সেটা কি আপনি জানেন? না। জানি না। তৃণা কাঁপা গলায় বলল, এই দেখুন আমার গা কাঁপছে। আচ্ছা, আপনি শুরু থেকে বলুন তো কখন আপনি প্রথম আপনার এই ক্ষমতার কথা বুঝতে পারলেন?

 

Read more

কুহক পর্ব – ৮ হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *