কোথাও কেউ নেই পর্ব – ০৫ হুমায়ূন আহমেদ

কোথাও কেউ নেই পর্ব – ০৫

মামুন কোনো রকম আপত্তি করল না। চা খেতে গেল। আলম সাহেব হালকা স্বরে বললেন, দুঃখ-কষ্ট সংসারে থাকেই দুঃখ-কষ্ট নিয়ে বাঁচতে হয়। জন্ম নিলেই মৃত্যু লেখা হয়ে যায় কি বলেন?

তা তো বটেই।

আপনি এই সব নিয়ে ভাববেন না।

না আমি ভাবি না।

চা খেতে খেতে আলম সাহেব মৃদু স্বরে বললেন, দাড়ি-টাড়িগুলি কেটে ফেলেন ভাল লাগছে না।

জি কাটব। কালই কাটব।

মুনা সকাল থেকেই মামুনের জন্যে অপেক্ষা করছিল। এগারোটার দিকে তার কেন যেন মনে হল মামুন আসবে না। এ রকম মনে হবার কারণ নেই। কিন্তু মনে যখন হচ্ছে তখন মুনার মনে হয় মামুনের সঙ্গে দেখা হবে না, তখন হয় না।

শওকত সাহেব ফর্সা একটা পাঞ্জাবি পরে অপেক্ষা করছিল। মুনা গিয়ে বলল, মামা, তোমার কোথাও যাবার থাকলে যাও, ও আসবে না।

আসবে না কেন?

তা আমি কি করে বলি। হয়ত খবর পায়নি।

শওকত সাহেব অত্যন্ত বিরক্ত হলেন। রাগী গলায় বললেন, আসতে বললে আসবে না এর মানে কি? যখন আসতে বলা হয় না। তখন তো দশবার আসে।

এটা তো মামা ঠিক বললে না। সে এ বাসায় একবারই এসেছিল। তুমি একটি কথাও বলনি। উল্টো এমন ব্যবহার করেছ লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করছে। তোমার বোধ হয় মনে নেই।

শওকত সাহেব বিরক্ত স্বরে বললেন, বাবুকে ঠিকানা দিয়ে পাঠা, ও গিয়ে নিয়ে আসুক।

তুমি হঠাৎ এত ব্যস্ত কেন?

বিয়েটা কবে হবে কি, এইটা ফয়সালা করতে চাই। লোকজন কথা বলাবলি শুরু করেছে।

মুনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, কে আবার কী কথা বলল?

নওয়াব সাহেব জিজ্ঞেস করলেন, ভাগ্নীর বিয়ে দিচ্ছেন কবে? তিনি তোদের দেখেছেন এক রিকশায় যেতে। আমি লজ্জায় বাচি না। বিয়ের আগে কোনো মেয়ে ছেলের সঙ্গে এক রিকশায় যেতে পারে? দেশটা তো বিলাত-আমেরিকা এখনো হয়নি।

মুনা কিছু বলল না। শওকত সাহেব সিগারেট ধরলেন। দামী সিগারেট। আজকের এই বিশেষ উপলক্ষে তিনি পাঁচটি ফাইভ ফাইভ কিনেছেন।

মুনা, যা বাবুকে ঠিকানা দিয়ে পাঠা।

না, ওর যেতে হবে না।

মুনা রান্নাঘরে ঢুকল। বকুল সারা সকাল চুলোর পাশে বসে। তার ফর্সা গাল লাল টুকটুক করছে। মুনাকে ঢুকতে দেখে সে হাসিমুখে বলল, পোলাওটা খুব ভাল হয়েছে আপা।

পোলও কেন? পোলাও কে করতে বলেছে?

বাবা।

আমি না বললাম সিম্পল ব্যবস্থা করতে … আমরা যা খাই।

বকুল কিছু বলল না, মুখ টিপে হাসল। মুনা বিরক্ত মুখে বলল, হাসছিস কেন?

তুমি আসলে আপা খুশিই হয়েছো, কিন্তু মুখে বলছো এই কথা, এ জন্যেই হাসছি।

কি সব পাকা পাকা কথা বলছিস। গা জ্বালান কথা। এই বয়সে এত পাকা কথা বলা লাগে না।

বকুল বিব্রত ভঙ্গিতে বলল, রাগছো কেন আপা? ঠাট্টা করছিলাম।

এ রকম ঠাট্টা আমার ভাল লাগে না।

গোসতের লবণ একটু দেখবে আপা।

আমি দেখতে পারব না, তুই দেখ! চুলা খালি থাকলে আমাকে একটু চা করে দে। মাথা ধরেছে। আমি শুয়ে থাকব।

মামুন ভাই এত দেরি করছে কেন আপা? তুমি কখন আসতে বলেছ?

মুনা তার কথার জবাব না দিয়েই চলে গেল। বকুল ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। গত কয়েক দিন থেকেই মুনা আপা তার সঙ্গে খারাপ ব্যবহার করছে। কেন করছে কে জানে। রেহানা আপা ছবি চাইলে সে কী করতে পারে? সে তো বলতে পারে না,না আপনি ছবি চাইতে পারবেন না। কেন ছবি চাইবেন?

বকুল চায়ের কাঁপে চা ঢালল। আর তখনই বাবু এসে গম্ভীর স্বরে বলল–ডাক্তার সাহেব এসেছে। বকুলের হাত কেঁপে গেল। বাবুর মুখ রাগী রাগী। যেন ডাক্তারের আসা একটা অপরাধ এবং এর জন্যে বকুল দায়ী। বকুল বলল, ডাক্তার এসেছে তো আমি কি করব? বাবু বলল, কথা বলছে বাবার সঙ্গে।

বলছে বলুক, যা তুই মুনা আপাকে চা দিয়ে আয়।

বাবু আগের চেয়েও গম্ভীর হয়ে বলল, তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে কেন?

বকুল চমকে উঠল। ক্ষীণ স্বরে বলল, কে বলল?

আমি দেখলাম।

ডেকেছিল তাই গিয়েছিলাম।–কী হয়েছে তাতে?

আমি মুনাষআপাকে বলে দেব।

দিস। যা এখন চা নিয়ে যা।

বাবু চা নিয়ে চলে গেল। সে অবশ্য মুনা আপাকে কিছুই বলবে না। তার স্বভাবের মধ্যে এটা নেই। একজনের কথা অন্যজনকে কখনো বলবে না। তবু বকুলের হাত-পা কাঁপতে লাগল।

ডাক্তারের কাছে যাওয়াটা এমন কিছু নয়। সে স্কুল থেকে ফিরছিল চিশতি মেডিকেল কর্নারের কাছে আসতেই দেখে ডাক্তার সাহেব বারান্দায় দাঁড়িয়ে আছেন। তিনি তার দিকে তাকিয়ে হাসিমুখেই ডাকলেন, এই যে বকুল, এই! এস দেখি। বকুল নিশ্চয়ই না-শোনার ভান করে চলে যেতে পারে না। সে গিয়েছে। ডাক্তার সাহেব বলেছেন, ইস ঘেমে-টেমে কি অবস্থা। ভেতরে এসে ফ্যানটার নিচে দাঁড়াও তো। ঠাণ্ডা কিছু খাবে? বকুল ক্ষীণ স্বরে বলল, জি না।

তিনি শুনলেন না। একটা ছেলেকে পাঠালেন খুব ঠাণ্ডা দেখে এক বোতল পেপসি কিংবা কোক নিয়ে আসতে। বকুল বলতে গেলে কোনো কথাই বলেনি। পেপসি অর্ধেক শেষ করে চলে এসেছে। ভয়ে তার সমস্ত শরীর কঁপিছিল। কেউ যদি দেখে ফেলে। তার ধারণা ছিল কেউ দেখেনি। কিন্তু ধারণা সত্যি নয়। বাবু দেখেছে। বকুলের কান্না পেতে লাগল। তার ভয় হচ্ছিল এক্ষুণি কেউ এসে বলবে, ডাক্তার সাহেব তোমাকে ডাকে কিন্তু কেউ সে রকম কিছু বলল না। বকুল নিজের মনে রান্না সারতে লাগল। সে ভেবে পেল না। তাকে নিয়ে কেন এত ঝামেলা হচ্ছে।

বাবু এসে বলল, ডাক্তার সাহেবকে এক কাপ চা দাও। বকুল নিঃশব্দে চা বানাতে লাগল। বাবু বলল, ডাক্তার সাহেব মিষ্টি নিয়ে এসেছেন। তার এক বোনের মেয়ে হয়েছে এই জন্যে। বকুল কিছুই বলল না।

কড়া নাড়ার শব্দে মামুনের ঘুম ভাঙল। সে দরজা-জানালা বন্ধ করে শুয়েছিল। চারদিক অন্ধকার। সন্ধ্যা মিলিয়ে গেছে নাকি? মামুন ক্লান্ত স্বরে বলল, কে?

আমি। আমি মুনা।

মামুন তেমন কোনো আবেগ অনুভব করল না। আজ দুপুরে ওদের ওখানে খেতে যাবার কথা। যাওয়া হয়নি। তার জন্যে তেমন অনুশোচনাও হল না।

মুনা বলল, কি হয়েছে তোমার?

কিছু হয়নি।

যাওনি কেন?

ঘুমিয়ে পড়েছিলাম। শরীরটা ভাল না;

মামুন হাই তুলল। টেনে টেনে বলল, এস ভেতরে এসে বস।

মুনা একবার ভাবল বলবে না বসব না এবং গভীর মুখ করে চলে যাবে কিন্তু যেতে পারল না। মুখ ভর্তি দাড়িতে এমন অদ্ভুত লাগছে মামুনকে। মুখের ভাব ধরা যাচ্ছে না। মুখ কেমন রোগা রোগা। সারাদিন ঘুমানোর জন্যে চোখ লাল। মুনা ভেতরে ঢুকল।

বস, চেয়ারটায় বস। চা খাবে?

হুঁ।

কাউকে পেলে হয়। ছুটির দিন তো। লোকজন থাকে না। এই বলেই মামুন বেশ শব্দ করে হাসতে লাগল, যেন খুব-একটা হাসির কথা। মুনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখতে লাগল।

তুমি বসে থাক। আমি হাত-মুখটা ধুয়ে আসি। একা একা বসে থাকতে ভয় লাগবে না তো?

ভয় লাগবে কেন?

মামুন আবার হেসে উঠল। সুস্থ মানুষের হাসি না। ছাড়া ছাড়া হাসি; হাসার সময় কেমন অদ্ভুত ভাবে গা দোলাচ্ছে।

হাত-মুখ ধুতে মামুনের অনেক সময় লাগল। তার মনেই রইল না ঘরে একজন অপেক্ষা করছে। কাজের ছেলেটি দুকাপ চা দিয়ে গেছে। সেই চা পিরিচ ঢেকে রাখা সত্ত্বেও জুড়িয়ে জল হয়েছে।

মামুন বিস্বাদ ঠাণ্ডা চাতেও চুমুক দিয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলল। মুনা বলল, চা ভাল লাগছে?

হ্যাঁ ভালই তো।

ঠাণ্ডা না?

একটু অবশ্য ঠাণ্ডা।

আগে তো ঠাণ্ডা চা মুখেই দিতে পারতে না।

মামুন চুপ করে রইল। মুনা বলল, দুপুরে কিছু খেয়েছে?

না!

কেন, খাওনি কেন?

ঘুমিয়ে পড়লাম। দশটার দিকে ঘুমিয়ে পড়লাম। ক্ষিধেও হয়নি।

এখন হয়েছে?

হুঁ।

চল আমার সঙ্গে।

কোথায়?

আমাদের বাসায়। রাতে খাবে।

ঠিক আছে চল।

কাপড় বদলাতে বদলাতে মামুন বলল, তোমার শরীর ভাল মুনা?

হ্যাঁ ভাল।

টনসিলের ঐটা কমেছে, তাই না?

হ্যাঁ। তুমি দাড়ি রেখেছ কেন?

দাড়ি রাখব কেন? কয়েক’দিন কাটা হয়নি সেই জন্যে।

তোমাদের বাড়ির খবর কি বল।

বাড়ির কোনো খবর নেই। ছোট বোনটা মারা গেছে।

ওর কথা তো তুমি আমাকে কখনো কিছু বলনি।

মামুন চুপ করে রইল।

মুনা বলল, তুমি নিজের কথা কখনো কাউকে কিছু বল না। এটা ঠিক না। এতে মনের ওপর চাপ পড়ে।

হুঁ।

তোমার ভাই-বোনদের কথা আমি কিছুই জানি না।

মামুন চাপা স্বরে বলল, ঐ একটি বোন আমার। মরবার সময় খুব কষ্ট পেয়েছে। খুব কষ্টের মৃত্যু।

সব মৃত্যুই কষ্টের, সুখের মৃত্যু তো কিছু নেই।

তাও ঠিক।

মামুন হাসতে চেষ্টা করল। সিগারেট ধরিয়ে খুব উৎসাহের সঙ্গে টানতে শুরু করল। মুনা ক্ষীণ কণ্ঠে বলল, কষ্টের ব্যাপারগুলি নিয়ে বেশি চিন্তা করা ঠিক না।

না চিন্তা করি না তো। ঐ সব নিয়ে আমি ভাবি না। চল যাই।

মুনা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, দাড়িটা কেটে ফেল। খুব খারাপ দেখাচ্ছে।

খুব খারাপ লাগছে?

হুঁ।

কোনো একটা সেলুনে গিয়ে কাটাতে হবে। দাড়ি বেশি বড় হয়ে গেছে, নিজে নিজে কাটা যাবে না। মেসের সামনেই একটা আছে সেখানে কাটাব।

একটি ছেলে শেভ করাচ্ছে। তার পাশেই একটি রূপসী মেয়ে দাঁড়িয়ে আছে–দৃশ্যটি অদ্ভুত। লোকজন কৌতূহলী হয়ে দেখছে। মামুন খানিকটা অস্বস্তি বোধ করতে লাগল। বিব্রত স্বরে বলল–তুমি বাইরে যাও না। এখানে দাঁড়িয়ে থাকার দরকার কি? মুনা কিছু বলল না, বাইরেও গেল না। তার কেন জানি পাশে দাঁড়িয়ে থাকতেই ভাল লাগছে।

দাড়ি কাটার পর মামুনকে আরো রোগা এবং ফর্সা দেখাচ্ছে। তারা একটা রিকশা নিল। রিকশায় উঠলেই মামুন এক হাতে মুনাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। আজ সে রকম কিছু করল না। লাজুক প্রেমিকের মত সংকুচিত ভাবে বসে রইল। মুনা বলল, তোমরা ক ভাই-বোন? মামুন জবাব দিল না। মুনার মনে হল এই প্রশ্নটি সে আগেও করেছে–মামুন এড়িয়ে গেছে। মনের ভুলও হতে পারে। হয়ত জবাব দিয়েছে, মুনার মনে নেই। নাকি এই প্রশ্ন সে কোনোদিন করেনি?

মুনা আবার জিজ্ঞেস করল, ক ভাই-বোন তোমার?

দু’ভাই এক বোন।

অন্য ভাইটি কি করে?

ছোটবেলায় মারা গেছে। পানিতে ডুবে মারা গেছে।

মুনা কিছু বলল না। মামুন বলতে লাগল–আমরা দুভাই পুকুরে গোসল করতে গিয়েছিলাম। আমি সাঁতার জানি না ও জানে। একটা পেতলের কলসী উল্টে তার কানায় ধরে সাঁতার কাটছি, হঠাৎ,…। মুনা বলল থাক বলার দরকার নেই। শুনতে চাই না।

শুনতে চাইবে না কেন? শোন কলসী হাতছাড়া হয়ে গেল। হঠাৎ ডুবে যেতে ধরেছি, বড় ভাই সাঁতরে এসে আমাকে ধরল। মরিয়া হয়ে আমি তাকে জড়িয়ে ধরলাম এবং ডুবে গেলাম দুজনেই।

মুনা প্রসঙ্গ পাল্টাবার জন্যে বলল হুঁডটা তুলে দাও না।

মামুন হুঁড তুলল না। গাঢ় স্বরে গল্প শেষ করতে লাগল তারপর কি হয়েছে শোন, দু’জনকে আধমরা অবস্থায় উদ্ধার করা হল। একজন বাঁচল, একজন বাঁচল না।

মুনা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। মামুন বলল–আমরা ছিলাম তিনজন। এখন আমি একজন। এবং আমার কি মনে হয় জানো? আমার মনে হয়। আমিও থাকব না।

সে তো কেউ থাকবে না।

না তুমি বুঝতে পারছো না। আমি নিজেও বেশিদিন বাঁচব না।

রিকশা থামিয়ে মামুন সিগারেট কিনল। জর্দা দিয়ে পান বানিয়ে রিকশায় উঠে এল। মুনা অবাক হয়ে বলল–পান খাবে নাকি?

হুঁ। কেমন যেন বমি বমি আসছে। আমার শরীরটা বেশি ভাল না। মুনা।

মুনা তার হাত ধরল। তাদের পরিচয় প্রায় তিন বছরের। এই দীর্ঘদিনে আজই প্রথমবারের মত মুনা নিজ থেকে তার হাত বাড়াল এবং এর জন্যে তার কোনো লজ্জা লাগল না। মুনা নরম স্বরে বলল–তোমার গা গরম। মনে হয় জ্বর আছে।

থাকতে পারে। মাথা ধরে আছে।

এই মাথা ধরা নিয়ে সিগারেট টানছ?

অভ্যাস। অভ্যাসের বসে টানছি। টানতে ভাল লাগছে না। তবু টানছি।

ফেলে দাও।

মামুন সিগারেট ফেলে দিয়ে হালকা স্বরে বলল, এখন কেমন জানি একা এক লাগে। এই মাসের মধ্যে একটা বিয়ের তারিখ হলে তোমার আপত্তি আছে? কল্যাণপুরের বাসাটাও তোমাকে দেখিয়ে আনব। কাল সময় হবে?

অফিস ছুটির পর হবে।

আজ তোমার মামার সঙ্গে কথা বলে একটা ডেট করে ফেলি। কি বল?

এত বড় একটা দুঃসংবাদের পর হুঁট করে বিয়ের তারিখ ফেলা কি ঠিক হবে? যাক কয়েকটা দিন।

না। আমার ভাল লাগছে না। আজই সব ঠিকঠাক করব।

বাকি রাস্তা কাটল চুপচাপ। দুজনের কেউই কথা বলল না।

এই বাবু, যাস কোথায়? শুনে যা এদিকে।

বাবু এগিয়ে গেল। বাকের ভাই পা ফাঁক করে দাঁড়িয়ে আছেন। তার মুখ অস্বাভাবিক গভীর। বাবু ভয়ে ভয়ে বলল, কি?

বাসায় কেউ না। লম্বা করে, ফর্সা মত একটা ছেলে ঢুকল, মুনা ছিল সাথে। কে সে? চোখে চশমা।

বাবু তৎক্ষণাৎ কোনো জবাব দিতে পারল না। অসহায় ভাবে এদিক-ওদিক তাকাল। কী বলা উচিত বুঝতে পারছে না।

এই ছেলের সাথেই মুনার বিয়ে হচ্ছে নাকি?

হুঁ।

এটা বলতে এতক্ষণ লাগল কেন? টান দিয়ে বাঁ কান ছিঁড়ে ফেলব। আমার সাথে ফাজলামি। বিয়েটা কবে?

সামনের মাসের তিন তারিখে।

বাকের সিগারেটে একটা লম্বা টান দিয়ে হঠাৎ উদাস হয়ে গেল। ঠাণ্ডা গলায় বলল যা ভাগ। বাবু তবুও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। লজ্জায় তার চোখে পানি এসে যাচ্ছিল। বহু কষ্টে সে পানি সামলানোর চেষ্টা করছে। বাকের সব সময় তার সঙ্গে খারাপ ব্যবহার করে। সে যখন ক্লাস ফাইভে। পড়ত তখন বাকের একবার একটা চড় বসিয়ে দিয়েছিল। কেন দিয়েছিল বাবু বহু চেষ্টা করেও বের করতে পারেনি। সে ফিরছিল স্কুল থেকে। হঠাৎ বাকেরের সঙ্গে দেখা, সাইকেলে করে কোথায় যেন যাচ্ছে। বাবুকে দেখে সাইকেল থামিয়ে নেমে পড়ল। কড়া গলায় ডাকল এই এদিকে আয়! বাবু এগিয়ে যেতেই কথা নেই বার্তা নেই প্রচণ্ড এক চড়। বাবু কিছু বুঝে উঠবার আগেই বাকের সাইকেলে উঠে চলে গেল। যেন কিছুই হয়নি।

আজকের রাগের কারণটা অবশ্য স্পষ্ট। বাবু সে কারণ ভালই বুঝতে পারে। তার মনে ক্ষীণ সন্দেহ, এককালে মুনা আপার সঙ্গে বাকের ভাইয়ের কিছুটা ভাব ছিল। কে জানে বিয়ের দিন এসিড-ট্যাসিড ছুড়ে মারবে হয়ত। দারুণ মন খারাপ করে বাবু ঘরে ফিরল। সে বড় ভয় পেয়েছে।

মুনা বাইরে বেরুবার জন্যে তৈরি হচ্ছে। মামুনের সঙ্গে কয়েকটা টুকিটাকি জিনিস কেনার কথা। সংসার তৈরি হবার আগেই সংসারের জন্যে জিনিসপত্র কেনার কথা ভাবতে কেমন লজ্জা লজ্জা লাগে। আবার ভালও লাগে। আজ তারা কিনবে চায়ের কাপ পিরিচ। রান্নার জন্যে বাসন কোসন। গত রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর মুনা একটা লিস্ট করেছে। তার সারাক্ষণই ভয় এই বুঝি বকুল জেগে উঠে চোখ কচলে জিজ্ঞেস করবে, কি করছ আপা? বকুলের ঘুম খুব পাতলা। একটু নড়াচড়া হলেই জেগে উঠে বলে, কি হয়েছে আপা? কি হয়েছে?

মুনা ঘর থেকে বেরুবার আগে বলে গেলো ফিরতে দেরি হবে। বকুলকে বলল ভাত চড়িযে দিতে। বকুল চাপা হেসে বলল, ভাত কজনের জন্যে রান্না হবে? ঠিক করে বলে যাও।

কজনের জন্যে রান্না হবে মানে?

মামুন ভাইও কি এখানে খাবেন?

মুনা ধমক দিতে গিয়েও দিতে পারল না। মামুন ইদানীং বেশ কয়েকবার এখানে ভাত খেয়েছে। বকুল বলল, মামুন ভাই আজ এখানে খেলে মুশকিল হবে। খাবার কিছু নেই, ডিমও নেই।

মুনা কোনো উত্তর না দিয়ে গম্ভীর হয়ে পড়ল। মামুনের রাতের এখানে খাওয়ার ব্যাপারটা তার নিজেরও পছন্দের নয়। কিন্তু সে আজকাল রাত আটটার দিকে হঠাৎ এসে পড়ে এবং বসার ঘরে চুপচাপ বসে থাকে। মামা তার সঙ্গে কোনো কথা বলেন না। তাতে সে কোনো রকম অস্বস্তি বোধ করে না। বকুল যখন গিয়ে বলে মামুন ভাই, আপনি কী এখানে খাবেন? সে সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ। দাও ভাত দাও।

ঘরে খাবার কিন্তু খুব খারাপ।

অসুবিধা নেই।

আসুন তাহলে। ভাত বাড়ছি।

মামুন সঙ্গে সঙ্গে উঠে আসে। যেন ভাতের জন্যেই এতিক্ষণ বসে ছিল। এমন লজ্জা লাগে মুন্নার। মামুন কেমন যেন অন্য রকম হয়ে যাচ্ছে। কোনো কিছুতেই কোনো উৎসাহ নেই।

বকুল বলল–মুনা আপা, এই শাড়িতে কিন্তু তোমাকে ভাল লাগছে না। বদলে যাও। সবুজ শাড়িটা পরো। মুনা গম্ভীর গলায় বলল, শাড়ি-টাড়ি নিয়ে আমি মাথা ঘামাই না। যা পরেছি সেটাই যথেষ্ট। তোর এসব নিয়ে ভাবতে হবে না।

রাগ করছ, কেন?;

পাকামো কথা শুনে রাগ করছি।

বকুল আহত স্বরে বলল, পাকা কথা কি বললাম? শাড়িটাতে তোমাকে মানাচ্ছে না। এর মধ্যে পাকামির কি আছে?

মুনা লক্ষ্য করল বকুল বেশ শীতল স্বরে তর্ক করছে। এই স্বভাব তার আগে ছিল না। আগে সে কোনো কথার জবাব দিত না। আজকাল দিচ্ছে। প্রেমে পড়লে মেয়েদের স্বভাব-চরিত্র পাল্টায়। বকুল কারো প্ৰেমে-ট্রেমে পড়িনি তো? মুনা বলল, চায়ের পাতা শেষ হয়েছে বোধ হয়। বাবুকে দিয়ে আনিয়ে রাখা।

টাকা? টাকা দেবে কে? দোকানে এখন বাকি বন্ধ।

মুনা নিঃশব্দে একটা দশ টাকার নোট বের করল। শওকত সাহেব ঘরে না থাকলে টুকিটাকি কেনা এখন মুশকিল। শওকত সাহেব আগে সংসার খরচের কিছু টাকা লতিফাকে দিতেন। ইদানীং দেন না। আধা সের লবণ কেনার টাকাও এখন তার কাছে চাইতে হয়।

বকুল বলল, তুমি ফিরবে কখন আপা?

সন্ধ্যার আগেই ফিরব। কেন?

না এমনি জিজ্ঞেস করলাম। শাড়িটা বদলে যাও আপা প্লিজ। আর যাবার আগে মার সঙ্গে দেখা করে যাও। আজ বেশ কয়েকবার তোমাকে খোঁজ করেছেন। খুব নাকি জরুরি।

কই আগে তো বলিসনি?

আগে মনে ছিল না। এখন মনে পড়ল।

মুনা শাড়ি বদলাল না। বকুলের কথায় শাড়ি বদলানোর কোনো মানে হয় না। তা ছাড়া এটা এমন কোনো খারাপ না। গত সপ্তাহেই বকুল বলেছিল সুন্দর মানিয়েছে। এক সপ্তাহ আগে যে শাড়িতে মানায় এক সপ্তাহ পরে তাতে মানায় না, এ কেমন কথা?

লতিফা আজ বেশ সুস্থ। গত রাতে ভাল ঘুম হয়েছে। সকালে নাশতা খেয়েছেন। দুপুরে ভাত খেয়ে ঘুমিয়েছেন। সারাদিন একবারও জ্বর আসেনি। অনেক দিন পর প্রথমবারের মত তার মনে হয়েছে হয়ত শরীর আবার আগের মত হবে। সংসার ফিরে পাওয়া যাবে। তাকে কেউ আর এড়িয়ে চলবে না।

মুনা বলল, তুমি ডেকেছিলে নাকি মামি?

লতিফা উজ্জ্বল চোখে বললেন, বোস তুই। অনেক কথা আছে। আমার পাশে বোস।

তোমার শরীর আজ মনে হয় ভাল?

হুঁ। জ্বর নেই। দেখ গায়ে হাত দিয়ে দেখ।

মুনা তাঁর কপালে হাত লাগাল। গা ঠাণ্ডা। জ্বর সত্যি সত্যি আসেনি। লতিফা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন–কি, জ্বর আছে?

না। এখন বল কি বলবে। আমার হাতে সময় নেই। এক জায়গায় যাব।

দরজাটা ভিড়িয়ে দিয়ে আয়।

এমন কি কথা দরজা বন্ধ করতে হবে?

আহ বন্ধ করতে বলছি কর না।

মুনা অবাক হয়েই দরজা বন্ধ করল। লতিফা বিছানায় উঠে বসলেন। গতকাল বকুলের স্কুলের একজন মিসট্রেস বাসায় এসেছিলেন। মুনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, কে? রেহানা আপা?

হুঁ। বকুলের জন্যে একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। খুবই ভাল ছেলে। ভাল বংশ। উনার দূর-সম্পর্কের আত্মীয়।

মুনা বিরক্ত স্বরে বলল, এই সব আমি শুনতে চাই না। বাদ দাও তো।

সবটা না শুনেই এ রকম করিস কেন? সবটা আগে শোন। বাবা-মার একমাত্র ছেলে। জাপানে গেছে গত বছর। কম্পিউটার না কিসে যেন ডিগ্রি করেছে। বকুলকে সে দেখেছে। খুব পছন্দ হয়েছে।

দেখল কোথায়?

ছেলে এই মিস্ট্রেসের কাছে গিয়েছিল। তারপর উনি বকুলকে ক্লাস থেকে ডেকে নিয়ে যান। বকুল অবশ্য কিছু বুঝতে পারেনি।

মুনা বলল বুড়ো ছেলে, বাচ্চা মেয়েকে বিয়ে করতে চায়, ওর মাথা-টাথা কি খারাপ নাকি? এইসব চিন্তা বাদ দাও তো মামি। লতিফা অবাক হয়ে বললেন–এরকম ছেলে পরে তুই পাবি কোথায়? ছেলের ছবি আছে। ছবি দেখ তুই। ছবি দেখার পর…।

আমার ছবি-টবি দেখতে হবে না।

আগেই রাগ করছিস কেন? বকুলের একটা ভাল বিয়ে হোক এটা তুই চাস না?

চাইব না কেন, চাই। কিন্তু ওর বিয়ের বয়স হতে হবে তো? কেন এত ব্যস্ত হয়েছ? মেট্রিকটা অন্তত পাস করতে দাও। ছেলে অপেক্ষা করুক।

না, ছেলে অপেক্ষা করতে পারবে না। তিন মাসের ছুটিতে এসেছে, বিয়ে করে বউ নিয়ে যাবে। তুই অমত করিস না। তোর মামার সঙ্গে কথা বলছিলাম, সে রাজি আছে।

আমাদের রাজি আর অরাজিতে কিছু আসে যায় না। বকুল কিছুতেই রাজি হবে না। কেঁদে বাড়ি মাথায় তুলবে। কেন বুঝতে পারছো না?

লতিফা গম্ভীর স্বরে বললেন, না ও কাঁদবে না।

বুঝলে কি করে কাঁদবে না?

বকুলের সঙ্গে আমার কথা হয়েছে। ওর মত আছে। বলেছে আমাকে।

বল কি তুমি!

লতিফা টেনে টেনে বললেন, রাজি কেন হবে না বল? মেয়ে তো বোকা না। যথেষ্ট বুদ্ধি আছে। কোনটাতে ভাল হবে সেটা সে জানে।

জানলে তো ভালই। বিয়ে দিয়ে দাও। আর কি?

মুনা মুখ কালো করে উঠে দাঁড়াল।

যাচ্ছিস কোথায়? কথা শেষ হয়নি আমার।

কথা শোনার আমার তেমন কোনো ইচ্ছা নেই। তোমরা নিজেরা নিজেরাই শোন।

বকুল ভাত চাপিয়েছে। তার মুখ একটু বিষন্ন। মুনা আপা অকারণে তার ওপর এতটা রাগ করবে সে ধারণাও করেনি। সবাই তার সঙ্গে এমন খারাপ ব্যবহার করে কেন? বকুল দেখল মুনা দরজার পাশে এসে দাঁড়িয়েছে। সে অবাক হয়ে বলল, তুমি এখনো যাওনি?

না।

কী করছিলো? এতক্ষণ মার সঙ্গে এমন কি আলাপ?

মুনা কড়া গলায় বলল, গতকাল তোর টিচার এসেছিল। এই কথা তুই আমাকে বললি না কেন?

তুমি রাগ করবে এজন্যে বলিনি।

শুনলাম জাপানের ঐ ছেলের সঙ্গে বিয়েতে তোর মত আছে। মামিকে নাকি তুই বলেছিস?

বকুল জবাব দিল না। মুনা তীক্ষ্ণ স্বরে বলল, কথার জবাব দে। চুপ করে আছিস কেন?

বকুল থেমে থেমে বলল মা আমাকে খুব আগ্রহ করে বলছিল। তার মুখের ওপর না বলতে খারাপ লাগল। মা বেশিদিন বাঁচবে না। তাকে কষ্ট দিতে ইচ্ছা করছিল না।

মুনা তাকিয়ে রইল বকুলের দিকে। বকুল সহজ স্বরে বলল তোমার মা যদি এ রকম অসুস্থ হত আর সে যদি তোমার হাত ধরে কাঁদতে কাঁদতে বিয়ের কথা বলত তাহলে তুমিও রাজি হতে। হতে না?

এ রকম বাজে তর্ক কার কাছে শিখেছিস?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *