বিলেতি ইঁদুর ও মেঠো ইঁদুর -এম এম হোসেন

বিলেতি ইঁদুর ও মেঠো ইঁদুর -এম এম হোসেন

বিলেতি ইঁদুর ও মেঠো ইঁদুর
এম এম হোসেন

একদা এক ঘরে দুটি ইঁদুর বাস করতো। তাদের মধ্যে একটি ছিলো ধবধবে সাদা বিলেতি ইঁদুর। অন্যটি ছিলো কুচকুচে কালো মেঠো ইঁদুর।

বিলেতি ইঁদুরটি ছিলো ভীষণ অহংকারী। সে সব সময় তার সুন্দর রূপের অহংকারে ডুবে থাকতো।

একদিন কী মনে করে যেন বিলেতি ইঁদুরটি মেঠো ইঁদুরটিকে ডেকে বলল- দেখো আমার রং কত সুন্দর। আর তোমার রং কেমন ময়লা। দেখলেই গা কেমন ঘিনঘিন করে।
মেঠো ইঁদুরটি বলল- তাতে কী হয়েছে? সবই স্রষ্টার দান। তাতে অমন অহংকারের কী আছে?

বিলেতি ইঁদুরটি আবার কী যেন বলতে যাবে এমন সময় ঐ ঘরে একটা লোক প্রবেশ করলো। লোকটাকে দেখে ইঁদুর দুটি ঘরের কোণাগুলিতে লুকিয়ে গেল।

ঘরের কোণাগুলিতে আবছা আলো আবছা অন্ধকার ছিলো। তাতে মেঠো ইঁদুরটির কোন সমস্যা হলো না। কারণ তার রং কালো হওয়ার কারণে সে অন্ধকারের সাথে একেবারে মিশে গিয়েছিল। কিন্তু বিলেতি ইঁদুরটির রং সাদা হওয়ার কারণে তাকে অল্প অল্প দেখা যাচ্ছিল।

লোকটা বিলেতি ইঁদুরটিকে না দেখার ভান করে এক টুকরো কাপড় ইঁদুরটির গায়ে ফেলে খপাৎ করে ধরে ফেলল।

এমন সময় বিলেতি ইঁদুরটি আর্তনাদ করে বলে উঠলো- ওহে মেঠো ইঁদুর আমাকে বাঁচাও।

মেঠো ইঁদুরটি কী করবে দিশা পেল না। শেষে তার মাথায় একটা বুদ্ধি উদয় হলো। সে কুটুস করে লোকটার পায়ে একটা কামড় বসিয়ে দিয়ে সেখান থেকে পালালো। সঙ্গে সঙ্গে বিলেতি ইঁদুরটি লোকটার হাত থেকে পড়ে গেল। এবং সেখান থেকে ছুটে পালিয়ে রক্ষা পেল।

এরপর বিলেতি ইঁদুরটি মেঠো ইঁদুরটির কাছে হাতজোড় করে ক্ষমা চাইলো। এবং বলল- আমার ঢের শিক্ষা হয়েছে। আমি আর কখনো কারোর সঙ্গে কোন কিছু নিয়ে অহংকার করবো না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *