মায়ার পৃথিবী
মনিকা শকুন্তলা
মনিকা শকুন্তলা
এক সমুদ্রের মায়া আমি কাটাতে পারিনা
জীবনের মায়া কি করে কাটাই প্রভু
এতো উপাচারে সমৃদ্ধ করে রেখেছো ধরা
সে কি যায় অস্বীকার করা কভু।
হে অসীম তোমার সীমান্ত আদি অন্ত তুমি
আমি কেবল চেয়ে চেয়ে দেখি সুজলা ভূমি
দেখি র্রৌদ্রতপ্ত নিষ্ফলা মরুর উদ্যান
যেথায় উট ছুটে চলে হয়ে ধূলি বাহন।
আরো দেখি তারকা খচিত বিশাল আকাশ
যেখানে রয়েছে সমুদ্রসম মেঘাচ্ছন্ন প্রকাশ
উথাল বাতাসে ঊর্মিমালা তরঙ্গে দোলে
ঢেউ খেলে যায় মেঘমালা অসীমের কোলে।
বৃক্ষে পত্রে কত না পুষ্পরাজি শোভিত
কচি কিশলয় নব নব সাজে সজ্জিত।
এত মায়ার পসরা সাজিয়ে রেখে
আমায় যেওনা দূর থেকে প্রভু ভুলে।
মায়ার পৃথিবীতে আমি এক মহামায়া
সঙ্গী শুধু মনপ্রাণ আর তুচ্ছ কায়া
তোমার মায়ায় তুমি বেধেছো আমায়
সাধ্য কি আছে কেউ তা ভোলায়?