বাবা কলমে-নূর চৌধুরী

বাবা, তুমিই আমার আলোর ধ্রুবতারা,
পথ দেখানো সাথী —
তুমি ফিরে এলে মুছে যায় জীবনের সব যন্ত্রণা।
তুমি-ই সব সমস্যার নিঃশব্দ সমাধান,
আমার দিনের প্রথম আলো,
যে আলো নিভিয়ে দেয় চারপাশের অন্ধকার।
ক্ষুধা আর কষ্ট লুকানো থাকে তোমার গভীরে,
তবুও মুখে একটুও ক্লান্তির ছাপ নেই।
তুমি জানো না কেমন করে কাঁদে মানুষ,
কারণ তুমি কাঁদোও না, দেখাওও না।
হৃদয়ের যতটুকু ভালোবাসা আছে,
তুমি সবটা উজাড় করে দাও আমাদের জন্য।
তোমার নিজের চাওয়াগুলো রয়ে যায় অন্তরালেই।
তুমি হাসো — যদিও সে হাসি মিথ্যে,
শুধু আমাদের মুখে আনন্দ রাখার তাগিদে।
না খেয়ে থাকো, এক কোণে — নীরবে,
মন খারাপ থাকলেও কিছুই বলো না কাউকে।
সব কষ্ট একা বহন করো,
কোনো অভিযোগ নেই তোমার ঠোঁটে।
“সুখ” যদি কিছুর নাম হয়,
তাহলে সেটা আমাদের মধ্যেই খুঁজে পাও তুমি।
নিজের জন্য কখনো কিছু ভাবো না,
তুমি ভাবো শুধু আমাদেরই নিয়ে।
তুমি নিজের জন্য কাপড় কিনো না,
তবু আমাদের পড়াও সবচেয়ে ভালোটা।
নিজে ঠিকমতো খাও না,
তবু আমাদের কখনো উপোস রাখো না।
দূরের পথ হেঁটে চলো খালি পায়ে, একা —
তবুও কোনো কষ্টের গল্প বলো না কারো কাছে।
তোমার মুখে মিথ্যা হাসি, বুকের গভীরে চাপা কষ্টের সমুদ্র —
এই নীরব ত্যাগের নামই বাবা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *