কানাইয়ের কথা (৩য় পর্ব) – সত্যজিৎ রায়

কানাইয়ের কথা (৩য় পর্ব)

তারপর থেকে গোপালের বাড়িতে আর কেউ আসেনি।আজ কানাই আর সবুর সইতে না পেরে কিশোরকে বলল, হ্যাঁ ভাই, সেই জাদুপান্না না সরাতে পারলে তো আর চলছে না। একবার একটু ভেবে বলল দেখি তোমার বাবা একা কখন থাকেন, তার কাছাকাছি যাবার সুযোগটা কখন পাওয়া যায়? কিশোর বলল, জাদুপান্না নিলেই যে সব গোল মিটে যাবে তেমন ভেবো না।

বরং উপকারের চেয়ে অপকার বেশি হতে পারে, বাবার রাগ সপ্তমে চড়ে যেতে পারে।কানাই বলল, তাও চেষ্টা করতে ক্ষতি কী? তুমি একবার একটু ভেবে বলো।কিছুক্ষণ চোখ বুজে ভেবে রাজকুমার বলল, একটা কথা মনে পড়েছে।কী কথা? বাবা রোজ ভোরে সূর্যোদয়ের সময় রাজবাড়ির অন্দরমহলের দিঘিতে স্নান করতে যান। সেই। সময় প্রহরী থাকে দূরে।

বাবার কাছাকাছি কেউ থাকে না।তবে আর কী! বলল কানাই, এই তো সুযোগ। কাল ভোরে আমি রাজবাড়ি যাব অদৃশ্য হয়ে। দেখি তোমার বাবার সঙ্গে দিঘিতে গিয়ে কিছু করা যায় কিনা।পরদিন সূর্য ওঠার আগেই কানাই ফক্কা বলে অদৃশ্য হয়ে ঝড়ের বেগে ছুটে রাজবাড়ি পৌঁছে দিঘির শ্বেতপাথরে বাঁধানো ঘাটের কাছেই একটা বকুল গাছের নীচে দাঁড়িয়ে রইল।

পুব আকাশে পদ্মের রঙ ধরেছে কিন্তু সূর্য তখনও ওঠেনি।কিছু পরে সূর্য ওঠার সঙ্গে-সঙ্গেই কানাই খট খট শব্দ শুনে বুঝল রাজা খড়ম পায়ে ঘাটে আসছেন।ওই যে রাজা! রাজার গা খালি। পরনে কেবল ধুতি আর কাঁধের উপর একটা রেশমের উত্তরীয়। উত্তরীয়টা ঘাটের পাশের বেদিতে রেখে রাজা খড়ম খুলে সিঁড়ির দিকে এগোলেন।

গলার হারের পান্নাতে সূর্যের আলো পড়ে যেন তার থেকে আগুন বেরোচ্ছে।এবার রাজা জলে নামলেন। কানাইও এগিয়ে গেল ঘাটের সিঁড়ির দিকে, তারপর ধীরে ধীরে সেও জলে নেমে রাজার সাত হাত দূরে গলা জলে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল।রাজা যেই ডুব দিলেন, অমনই কানাইও ত্ব দিয়ে সাঁতরে এগিয়ে এসে পলকের মধ্যে রাজার গলা থেকে হার খুলে নিয়ে আবার ডুব সাঁতার দিয়ে দিঘির উলটো পারে গিয়ে জল থেকে উঠল।

ততক্ষণে রাজা দিশেহারা হয়ে জলে তাঁর হার খুঁজছেন আর প্রহরী, প্রহরী বলে ডাকছেন।প্রহরী ছুটে এল। কী হল মহারাজ? এই সেই শয়তান রাঘব বোয়ালের কাজ। আমার গলা থেকে হার খুলে নিয়ে গেল। খবর দিয়ে দে। দরকার হলে দিঘির জল সেঁচতে হবে। আর আমার ফেরত চাই।ইতিমধ্যে অদৃশ্য কানাই হাতের মুঠোয় হার নিয়ে রাজবাড়ি থেকে বেরিয়ে এক ছুটে মুহূর্তের মধ্যে চলে এল একেবারে গোপালের বাড়ি।

তারপর টক্কা বলে আবার নিজের চেহারায় ফিরে এসে রাজকুমারকে দেখিয়ে দিল যে তার কাজ সে করে এসেছে।কিন্তু এর ফলে রাজার মধ্যে কোনও পরিবর্তন এল কিনা সেটা কী করে বোঝা যাবে? কানাইয়ের সে বুদ্ধিও মাথায় এসে গেছে। সে বলল, আমি কাল অদৃশ্য হয়ে রাজসভায় যাব। রাজার হাবভাব কীরকম সেটা দেখে আসব।তাই ঠিক হল, আর কানাই পরদিন রাজসভায় গিয়ে হাজির হল।সভাসদরা এসে গেছেন, কিন্তু রাজা তখনও আসেননি।

কানাই পিছনের দিকে এক কোনায় চুপটি করে দাঁড়িয়ে এদিক-ওদিক দেখতে লাগল।সময় চলে… সময় চলে যায়, কিন্তু রাজার দেখা নেই।প্রায় আধঘণ্টা অপেক্ষার পর রাজামশাই এসে ঢুকলেন রাজসভায়।কিন্তু কই, রাজার চেহারায় ভালর দিকে পরিবর্তনের তো কোনও লক্ষণ নেই। চোখে তো সেই একই শয়তানের দৃষ্টি, কেবল ঠোঁটের কোণে বাঁকা হাসির বদলে আজ প্রচণ্ড রাগ।

রাজা সিংহাসনে বসে চারিদিকে একবার লাল চোখে দেখে নিয়ে বললেন, আমার রাজ্যে মহা শয়তান এক জাদুকরের আবির্ভাব হয়েছে। সে নিজে কয়েদখানা থেকে প্রহরীর চোখে ধুলো দিয়ে পালিয়েছে, আমার ছেলেকে বন্দিদশা থেকে মুক্তি দিয়েছে, আমার গলা থেকে আমার সাধের পান্নার হার খুলে নিয়েছে। গতকাল ভোরে দিঘিতে ডুব দেবার সময় এই ঘটনা ঘটে।

আমি ভেবেছিলাম এ বোয়াল মাছের কাণ্ড, কিন্তু দিঘির জল সেঁচে সেই বোয়াল মাছকে ধরেও সে হার পাওয়া যায়নি। আজ থেকে শাসন হবে আরও দশগুণ কড়া। যতদিন সেই জাদুকর আর রাজকুমারকে খুঁজে না পাওয়া যায়, ততদিন হাটবাজার সব বন্ধ। লোকে না খেয়ে মরে মরুক! এই ভীষণ কয়েকটা কথা বলে রাজা সিংহাসন ছেড়ে চলে গেলেন। কানাই একেবারে মুষড়ে। পড়ল। জাদুপান্না খুলে নিয়ে ফল আরও খারাপ হল।

এখন কী উপায়? কানাই গোপালের বাড়ি ফিরে এল।তার কাছে সব শুনে-টুনে কিশোর আর গোপালের মুখও শুকিয়ে গেল। একে দেশে মড়ক, তার উপর রাজার এই মূর্তি! সারা দেশ তো ছারখার হয়ে যাবে।কানাই তখন মনে মনে ভাবছে–আর একদিন মাত্র সময়। এই একদিনের মধ্যে চাঁদনির পাতা জোগাড় না হলে সে বাবাকে হারাবে।

দূর থেকে ঢ্যাঁড়ার শব্দ শোনা যাচ্ছে। আর সেইসঙ্গে ঘোষণা। আজ থেকে বাজারে কেনাবেচা বন্ধ। সেইসঙ্গে এও ঘোষণা হচ্ছে যে, রাজকুমার আর জাদুকরকে যে ধরে দিতে পারবে তাকে এক সহস্র স্বর্ণমুদ্রা দেওয়া হবে। ঢ্যাঁড়ার দুম দুম্ শব্দ ক্রমে এদিকে এগিয়ে আসছে। তাঁতিপাড়াতেও ঘোষণা হবে।এই ডামাডোলের মধ্যে কানাই হঠাৎ চমকে উঠল।

তার নাম ধরে কে ডাকে ক্ষীণ স্বরে? সে তৎক্ষণাৎ ট্যাঁক থেকে ঝিনুক বার করে কানে দিল। পরিষ্কার শোনা গেল জগাইবাবার কথা।শোন কানাই, মন দিয়ে কাজের কথা শোন। কাল সকালে এক প্রহরে তুই যাবি রাজবাড়ির অন্দরমহলের বাগানের ঈশান কোণে। সেই কোণে জলে ঘেরা একটা ছোট্ট দ্বীপে চাঁদনি গাছ পোঁতা আছে। সেই গাছ তোকে উদ্ধার করতে হবে।

কী করে জগাইবাবা? সেটা হবে তোর নিজের বুদ্ধি আর সাহসের জোরে। কাজটা সহজ নয়। বুঝলি? বুঝলাম, কিন্তু—কিন্তু কী? হলদে ফলের গুণ কী সেটা তো বললেন না।এখন মনে পড়েনি। পড়লে বলব। আগে তোর বাপকে বাঁচাবার ব্যবস্থা কর। তার প্রায় শেষ অবস্থা। তবে পাতার রস খেলেই সে চাঙ্গা হয়ে উঠবে। আসি।ঝিনুকের মধ্যে আবার সমুদ্রের গর্জন।কানাই সব ঘটনা বলল কিশোর আর গোপালকে। কাল এক প্রহর, সব শেষে বলল কানাই। কালই এসপার, নয় ওসপার।

জগাইবাবার নির্দেশমতো কানাই সকাল থেকেই অদৃশ্য হয়ে বাগানে হাজির হল। তারপর বাগানের ঈশান কোণে গিয়ে যা দেখল তাতে তার চক্ষুস্থির। একটা ছোট্ট দ্বীপে চাঁদনি গাছটা পোঁতা রয়েছে ঠিকই, কিন্তু এই এক-মানুষ উঁচু গাছটার গোড়ায় পেঁচিয়ে আছে একটা শঙ্খচূড় সাপ, যার এক ছোবলেই একটা মানুষ পায় অক্কা। আর দ্বীপটাকে ঘিরে আছে একটা পাঁচ হাত চওড়া পরিখা, তাতে কিলবিল করছে পাঁচ-সাতটা কুমির।

কানাই যখন পৌঁছল তখন সেই কুমিরগুলোর দিকে কোলা ব্যাঙ ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে একটা লোক আর সেগুলো কপ কপ করে গিলে খাচ্ছে কুমিরগুলো। একটা ব্যাঙ সাপটার দিকেও ছুঁড়ে দেওয়া হল, আর সেটা তক্ষুনি সে মুখে পুরে গিলতে আরম্ভ করল।খাওয়া শেষ হলে কানাই দুগ্না বলে কাজে লেগে গেল। আজই শেষ দিন, আজ তাকে যে করে হোক চাঁদনির পাতা জোগাড় করতেই হবে।

বাগানের একপাশে পাঁচিলের ধারে কিছু বাঁশ পড়ে আছে। অদৃশ্য কানাই তার থেকে দুটো বাঁশ নিয়ে সেগুলোকে পরিখার পাঁচিলে এমনভাবে শুইয়ে রাখল যে, বাঁশের অন্য দিক দ্বীপের উপর গিয়ে পড়ে। ফলে বেশ একটা সেতু তৈরি হয়ে গেল কুমির বাঁচিয়ে দ্বীপে যাবার জন্য।কিন্তু সাপের কী হবে? তার জন্য চাই অস্ত্র।

কানাই বাগানের ফটকে গিয়ে দেখল সেখানে হাতে ঢাল-তলোয়ার নিয়ে একটা সেপাই দাঁড়িয়ে আছে। অদৃশ্য কানাই তার হাত থেকে একটানে তলোয়ারটা বার করে নিল। তারপর সেপাইকে হতভম্ব করে দিয়ে শুন্য দিয়ে সে তলোয়ার নিয়ে বাঁশের সেতুর উপর দিয়ে দ্বীপে পৌঁছে এক কোপে শঙ্খচূড়ের মাথা শরীর থেকে আলগা করে দিল।

তারপর তলোয়ারটাকে পরিখার জলে ফেলে অদৃশ্য কানাই এক হ্যাঁচকায় শেকড়সুদ্ধ চাঁদনি গাছটাকে তুলে সেতু পেরিয়ে এসে ঝড়ের বেগে চলে এল গোপালের বাড়ি।তারপর টা বলে সে নিজের চেহারায় ফিরে এল।গোপাল কানাইয়ের হাতে গাছ দেখে চেঁচিয়ে উঠল, চলো যাই ঘরে ঘরে পাতা বিলিয়ে আসি।তাই যাও, বলল কানাই। তবে একটা পাতা আমি নিচ্ছি। আমি আবার ফিরে আসব বিকেল পড়তে না পড়তেই।

আজই শেষ দিন; আজ আমার বাবাকে বাঁচাবার শেষ সুযোগ।তীরের বেগে দেখতে দেখতে নন্দীগ্রামে তার বাড়িতে পৌঁছে গেল কানাই। বাবা বিছানায় পড়ে আছে, তার শরীরের প্রত্যেকটি হাড় গোনা যায়।কানাই এলি? ক্ষীণ স্বরে জিজ্ঞেস করল বলরাম কৃষক।কানাই তখন পাতার রস বার করতে শুরু করছে। বেগুনি পাতার বেগুনি রস।

এই নাও বাবা, খেয়ে নাও।কোনওমতে ঘাড় উঁচু করে রস খেয়ে আঃ বলে একটা আরামের নিশ্বাস ফেলে আবার বালিশে মাথা দিল বলরাম। আর তার পরমুহূর্তেই তার ঠোঁটের কোণে হাসি দেখা দিল। অনেক আরাম বোধ করছি রে কানাই! তুই আমাকে বাঁচালি এ-যাত্রা।কানাই বাবাকে বলল তার একবার রূপসা যেতে হবে, সেখানকার খবর নেওয়া দরকার।

কাজ সেরেই সে আবার ফিরে আসবে।তা যা, বলল বলরাম, তবে যাবার আগে কিছু ফল আর এক বাটি দুধ রেখে যাস খাটের পাশে। মনে হচ্ছে খিদে পাবে।কানাই বাবার ফরমাশ পালন করে রূপসা গিয়ে হাজির হল।শহরের চেহারাই বদলে গেছে। তাঁতিপাড়ায় ঘরে ঘরে হাসিমুখ দেখতে দেখতে কানাই পৌঁছল গোপালের বাড়ি। কিশোরও রয়েছে সেখানে, কিন্তু তার মুখ গম্ভীর।

কী ভাবছ কিশোর? জিজ্ঞেস করল কানাই।ভাবছি বাবার কথা, বলল কিশোর। বাবারও ব্যারাম হয়েছে।অ্যাঁ, সে কী? কী করে জানলে? ঢ্যাঁড়া পিটিয়ে গেল। বলল রাজার অসুখ; রাজা আমাকে দেখতে চায়। আমি যেখানেই থাকি যেন গিয়ে তার সঙ্গে দেখা করি।ব্যারাম মানে কী ব্যারাম? জিজ্ঞেস করল কানাই।শুখ্‌নাই। তাঁতির যা অসুখ; তোমার বাপের যা অসুখ, বাবারও সেই অসুখ।

আর তার একমাত্র ওষুধ এখন আমাদের কাছে।তা বেশ তো, বলল কানাই, সে ওষুধ তাকে দাও, কিন্তু একটা শর্তে।কী শর্ত? তিনি যেন রোগ সারলেই রাজকার্য ছেড়ে তীর্থে যান। আর তাঁর জায়গায় তুমি বসো সিংহাসনে।আমিও তাই ভাবছিলাম, বলল কিশোর। একটা কথা বলব? হঠাৎ বলে উঠল গোপাল তাঁতি।কী কথা ভাই? জিজ্ঞেস করল কিশোর।

তুমি রাজা হলে আমায় একটা নতুন তাঁত দেবে? যেটা আছে সেটা আমার ঠাকুরদাদার। তাতে ভাল বোনা যায় না।নিশ্চয়ই দেব, বলল কিশোর। তুমি হবে তাঁতির সেরা তাঁতি। তোমার বোনা কাপড় পরে আমি সিংহাসনে বসব। তারপর কানাইয়ের দিকে ফিরে বলল, চলো যাই বাবার কাছে।কানাইয়ের পিঠে চড়ে এক মুহূর্তে প্রাসাদের অন্দরমহলে পৌঁছে গেল কিশোর। রাজবাড়িতে শোকের ছায়া পড়েছে।

রাজার অসুখের একমাত্র ওষুধ চাঁদনি পাতা ভেলকির বশে রাজার উদ্যান থেকে উধাও হয়ে গেছে। আর বিশ দিন মাত্র আয়ু তাঁর।রাজার শোয়ার ঘরের বাইরে প্রহরী কিশোর আর কানাইকে দেখে চমকে উঠল, কিন্তু তাদের কোনও বাধা দিল না। কিশোর আর কানাই সোজা গিয়ে ঢুকল রাজার ঘরে।রাজা শয্যা নিয়েছেন, পাশে রাজ কবিরাজ মাথায় হাত দিয়ে বসে রাজার প্রশ্নের উত্তরে বলছেন।

আর কোনও জায়গায় চাঁদনি গাছ নেই, আর এ-রোগের আর কোনও চিকিৎসাও নেই।ঠিক সেই সময় গিয়ে উপস্থিত হল কিশোর আর কানাই।তুই এলি! ছেলেকে দেখে কাতর কণ্ঠে বলে উঠলেন রাজা। তবে তোর সঙ্গে এ কেন? এ যে পিশাচসিদ্ধ জাদুকর।না বাবা, বলল কিশোর। এ হল রূপসার ভবিষ্যৎ মন্ত্রী।অ্যাঁ!হ্যাঁ বাবা। আমি সঙ্গে করে তোমার ওষুধ এনেছি।

এই ওষুধ তোমাকে দেব, যদি কথা দাও যে অসুখ সারলেই তীর্থে চলে যাবে চিরকালের মতো! তা কেন দেব না কথা, বললেন রাজা, যত নষ্টের গোড়া ছিল ওই জাদুপান্না, যদিও রোগের হাত থেকে ওটাই আমাকে এতদিন রক্ষা করেছে। সেই পান্না যাবার পর থেকেই আমার দেহে আর মনে পরিবর্তন শুরু হয়েছে। আমি বুঝেছি কত ভুল করেছি। আমি যাব তীর্থে, আর তুই বসবি আমার জায়গায় সিংহাসনে। রূপসার গৌরব ফিরিয়ে আনবি। লোকে ধন্য ধন্য করবে।

রাজকুমার এবার তার হাতের মুঠো খুলে ধরল বাপের সামনে। সেই মুঠোয় চাঁদনির বেগুনি পাতা, তার সৌরভে রাজার শয়নকক্ষ ভরপুর হয়ে গেল।রাজা সেরে উঠলেন একদিনেই।তিনদিন পরে যুবরাজের অভিষেক হল। রাজা নিজে তার হাত ধরে সিংহাসনে বসিয়ে দিলেন ছেলেকে, তার পরনে গোপালের তৈরি পোশাক।

তারপর কিশোর কানাইকে বসিয়ে দিল মন্ত্রীর আসনে। ইতিমধ্যে কানাই নন্দীগ্রামে গিয়ে তার বাবাকে নিয়ে এসেছে, কিশোর বলরামকে থাকবার ঘর দিয়েছে, তার খাওয়া-পরার ব্যবস্থা করে দিয়েছে।চারদিকে শাঁখ বাজছে, রোশনচৌকিতে সানাই বাজছে, তারই মধ্যে মন্ত্রীর আসনে বসে কানাই শুনতে পেল জগাইবাবার ডাক।

কানাই! কানাই! কানাই!কানাই রাজসভার মধ্যেই ট্যাঁক থেকে ঝিনুক বার করে কানে দিল। খ্যান খ্যান করে শোনা গেল জগাইবাবার কথা।তোর তো আস্পর্ধা কম না–তোর বিদ্যেবুদ্ধি নেই, তুই রূপসার মন্ত্রীর আসনে বসেছিস? কী করব জগাইবাবা, মনে মনে বলল কানাই, আমি কি আর নিজে থেকে বসেছি?–এরা আমায় বসিয়েছে।

তবে শোন বলি, এল জগাইবাবার কথা। অ্যাদ্দিনে মনে পড়েছে। সেই হলদে ফলটা আছে তো? হ্যাঁ হ্যাঁ, আছে! এইবার সেইটে খেয়ে নে। সেটা খেলে তোর বিদ্যেবুদ্ধি হাজার গুণ বেড়ে যাবে। মন্ত্রীগিরি কীভাবে করতে হয়, রাজাকে মন্ত্রণা কীভাবে দিতে হয়, দেশের মঙ্গল কীসে হয়, দুষ্টের দমন শিষ্টের পালন কাকে বলে–সব জানতে পারবি।

তখন আর তোকে বেমানান লাগবে না, কেউ বলবে না তুই বামন হয়ে চাঁদে হাত দিতে গেছিস। বুঝেছিস? বুঝেছি জগাইবাবা, বুঝেছি।তা হলে আসি।ঝিনুকে আবার সমুদ্রের গর্জন।কানাই ঝিনুকটা আবার ট্যাঁকে খুঁজে তার পাশ থেকে হলদে ফলটা বার করে মুখে পুরল।

( সমাপ্ত )

 

সন্দেশ, ফান, চৈত্র ১৩৯২

 

Read more

চীনে পটকা – সুকুমার রায়

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *