রক্তনদী
মনিকা শকুন্তলা
মনিকা শকুন্তলা
সেদিন ফাগুন মাস ছিল
গাছে গাছে কৃষ্ণচূড়া নাচছিল
সবুজ পাতা দুলছিল
আর কি যেন সব বলছিল…
কি সেই ভাষা ছিল
কেউ কি বুঝতে চাইছিল?
শুনতে কি কেউ পেয়েছিল
গাছেরা বাংলায় হাসছিল
পাখিরা বাংলায় গাইছিল
বাতাস বাংলায় দুলছিল
আর ওরা…..
ওরা সালাম,রফিক,শফিক,
জব্বার আরও কত বীর
এই বাংলা মাটির।
বাংলা চাই বাংলা চাই বলছিল।
বাংলা ওদের বুকের মাঝে
রক্ত ধারায় বইছিল
সেদিন ওরা এই ভাষারই দাবিতে
অগ্নি হয়ে জ্বলছিল।
অবশেষে সেই পথে
হঠাৎ ওদের বুকের মাঝে
অত্যাচারীর বুলেটগুলো
কাটার মতো বিধেছিল।
মাতৃভাষা ভালোবেসে
সেই শহীদের রুধির ধারা
নদীর মতো বইছিল
বাংলা বাংলা বাংলা ধ্বনি
কোটি প্রাণের সুর ছিল।
সেদিনের সেই রক্তনদী
দিয়েছিল ভাষার মান
আজো একুশ এলে পরে
কেঁদে ওঠে কোটিপ্রাণ।।
